ফ্রান্সে সারকোজির জয় বিপদ ডেকে আনবে: রয়েলের হুঁশিয়ারি
ফ্রান্সে রোববারের আসন্ন ২য়দফা নির্বাচনে ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি জয়ী হলে দেশ সহিংসতা-বর্বরতার ঝুঁকির মুখে পড়বে।
আর সেকারণেই তাকে প্রেসিডেন্ট হিসাবে বেছে নেয়া বিপজ্জনক বলে শুক্রবার ভোটারদের সতর্ক করে দিয়েছেন সারকোজির প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী প্রার্থী সেগোনেল রয়েল। ফ্রান্সের আরটিএল বেতারে রয়েল একথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে রয়েল বলেন, “সারকোজির প্রার্থীতার ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করে দেয়া আমার দায়িত্ব। নির্বাচনে তার জয় হলে দেশ সহিংসতা জর্জরিত হবে।” সত্যিই সত্যিই তা হবে কিনা জিজ্ঞেস করা হলে রয়েল বলেন, “ আমি তাইই মনে করি।” এ প্রসঙ্গে তিনি ফ্রান্সে ২০০৫ সালে ফ্রান্সে দাঙ্গা পরিস্থিতির কথা উল্লেখ করেন।
রোববারের ভোটের আগে নতুন এক জনমত জরিপে শুক্রবার দেখা গেছে, ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি সমাজতন্ত্রী সেগোলেন রয়েলের চেয়ে এগিয়ে আছেন। জরিপের এই ফল প্রকাশের পরপরই রয়েল সারকোজির ব্যাপারে ভোটারদের সাবধান করলেন।
ল্য ফিগারোর জন্য করা “টিএনএস সফ্রেস” এর ওই জরিপে দেখা গেছে, সারকোজি জনসমর্থনের দিক দিয়ে আগের চেয়ে শতকরা ২ দশমিক ৫ ভাগ বেশি পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। এই পয়েন্ট রয়েলের চেয়ে শতকরা ৪৫ দশমিক ৫ ভাগ বেশি। আর অন্যদিকে রয়েলের জনসমর্থন আগের তুলনায় কমেছে ২ দশমিক ৫ শতাংশ।
ল্য ফিগারো জানিয়েছে, গত বুধবার দুজনের মধ্যে হওয়া এক টেলিভিশন বিতর্কের পর, ৩রা মে একহাজার জনের ওপর এ জরিপ চালানো হয়।
