স্কটল্যান্ডে পরাজয়ের মুখে ব্লেয়ারের শ্রমিক দল
স্কটল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের মুখে ক্ষমতায় টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন শ্রমিক দলকে।
ব্রিটেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচন, স্কটল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন ও ওয়েলসের অ্যাসেম্বলি নির্বাচনে শ্রমিক দলের ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে। পার্লামেন্ট নির্বাচনে শ্রমিক দলের ভরাডুবি আর ‘স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি’র (এসএনপি) জয়ের সম্ভাবনায় স্কটল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা প্রশ্নে একটি গণভোট আয়োজনের পথে এগিয়ে যেতে পারে।
স্কটিশ পার্লামেন্টের ১২৯ টি আসনের মধ্যে ৪২টি আসনের ফলাফল নির্ধারিত হয়েছে এরই মধ্যে। শ্রমিক দল ইতোমধ্যেই তাদের ৬ টি আসন হারিয়েছে। অন্যদিকে, এসএনপি জয় পেয়েছে নতুন ছয়টি আসনে।
স্কটিশ পার্লামেন্টে বর্তমানে শ্রমিক দলের ৫০ টি, এসএনপির ২৫ টি, রক্ষণশীলদের ১৭ টি এবং লিবারেল ডেমোক্রেটদের ১৭ টি আসন রয়েছে। বাকী ২০টি আসন রয়েছে গ্রিন পার্টি, সোশালিস্ট, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীদের দখলে।
নির্বাচনে জয়ের খবরে এসএনপি নেতা অ্যালেক্স স্যালমন্ড বলেছেন, “স্কটল্যান্ডের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে।”
প্রায় অর্ধ শতক ধরে শ্রমিক দল স্কটল্যান্ড শাসন করে আসলেও এবার ব্লেয়ারের নির্বাচনী পরাজয় এবং স্বাধীনতাপন্থী এসএনপি’র জয়ের সুবাদে বাস্তবিকই স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারে স্কটল্যান্ড। সংখ্যাগরিষ্ঠতা পেলে এসএনপি নেতা স্যালমন্ডের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০১০ সালে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের মাধ্যমে স্কটল্যান্ড স্বাধীন করার চেষ্টা চালাতে পারেন তারা।
শ্রমিক দল স্কটল্যান্ডের স্বাধীনতার বিরোধী। তবে ১৯৯৯ সালে এডিনবার্গ পার্লামেন্ট ব্রিটিশ সরকারের স্কটল্যান্ড শাসন ক্ষমতা সীমিত করে দেয়।
এদিকে, ব্রিটেনজুড়ে স্থানীয় পরিষদ নির্বাচনে জয়ের সুবাতাস বইছে রক্ষণশীল শিবিরে। ইরাক যুদ্ধ, রাজনৈতিক কেলেঙ্কারি ও জনসেবা খাতে খরচ নিয়ে ব্লেয়ারের প্রতি সমর্থন হ্্রাসের ফলেই শ্রমিক দলের এ ভরাডুবি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পরিষদ নির্বাচনের ৫,৩০০ আসনের ইতিমধ্যে পাওয়া যাওয়া ফলাফলে দেখা গেছে, রক্ষণশীলরা ২৩২ টি আসন জিতেছে এবং শ্রমিকদল ১৪০টি আসন হারিয়েছে। তৃতীয় বড় দল উদার গণতন্ত্রীরাও পরাজয়ের শিকার হচ্ছে। তারা হেরেছে ১০৩টি আসনে।
নির্বাচনের ফলাফল বিপক্ষে গেলে ব্লে¬য়ারের এক দশকের মেয়াদ শেষ হবে চরম ব্যর্থতার মধ্য দিয়ে। তার ক্ষমতা গ্রহণের এক দশক পূর্তি হয় ১ মে। তিনি জুলাই মাসে দলীয় প্রধানের পদ ত্যাগের ঘোষণা আগামী সপ্তাহে দিতে পারেন।
এ নির্বাচন রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরনের নেতৃত্বের প্রতি ব্রিটিশদের সমর্থন আছে কিনা তারও প্রমাণ দেবে। শ্রমিক দলের এক দশকের শাসনামলে বিক্ষিপ্ত মধ্যডানপন্থী দলটিকে তিনি একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
