ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিকল্পনা প্রতিরক্ষমূলক: তাইওয়ান
চীনকে মোকাবিলায় তাইওয়ান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উন্নয়নের পদক্ষেপ নিচ্ছে-যুক্তরাষ্ট্রের এ অভিযোগ নাকচ করে তাইপে শুক্রবার বলেছে, তাদের এই পরিকল্পনা প্রতিরক্ষমূলক। আক্রমণাত্মক নয়।
এর আগে বৃহস্পতিবার তাইওয়ানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন ইয়াং গত দশকে চীনের অস্ত্র শান দেয়ার পাল্টা জবাবে তাইওয়ানের অস্ত্র সংগ্রহের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে-একথা স্বীকার করে নিলেও তিনি বলেন, চীনের পাশাপাশি তাইওয়ান আক্রমণাত্মক অস্ত্র উন্নয়নের উদ্যোগ নিলে তাতে গোটা অঞ্চলের নিরাপত্তাই বিঘ্নিত হবে বলে ওয়াশিংটন মনে করে।
স্টিফেনের ওই কথার প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র জানান, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে কম্পিউটার পরিচালিত সেনা মহড়ায় প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর উন্নয়নকাজ এখনো চলছে। তাইওয়ান আক্রান্ত হলেই কেবল ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তাইওয়ান কোনোরকম উস্কানি দেবে না। শত্রুর আক্রমণের শিকার হলেই কেবল তারা এর পাল্টা জবাব দেবে।”
যুক্তরাষ্ট্র মনে করে আক্রমণাত্মক নয়, বরং তাইওয়ানের আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরির দিকেই মনোনিবেশ করা উচিত-স্টিফেন ইয়াং বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করার পরই তাইওয়ান এ বিবৃতি দিলো।
চীন এখনো তাইওয়ানকে অবিচ্ছেদ্য অংশ দাবি করে আসছে। তাইওয়ান স্বাধীনতার কোনো পদক্ষেপ নিলে তা প্রতিহত করতে সেখানে হামলা চালানোরও হুমকি দিচ্ছে চীন। তাইপের অভিযোগ, চীন তাদের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে।
কিন্তু চীন এবং তাইওয়ান একে অপরকে বিরুদ্ধে আক্রমণ করার মত শক্তিশালী হয়ে উঠলে এর ফলে যে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হবে তা নিয়ে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার ।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী ডেনিস উইল্ডারের কথাতেই সে আশঙ্কা স্পষ্ট। উইল্ডার গত সপ্তাহে ওয়াশিংটনে বলেন, ১৯৪৯ সালের গৃহযুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ঘোর শত্রু হয়ে যাওয়া চীন এবং তাইওয়ানের হাতে আক্রমণাত্মক অস্ত্র থাকলে তা এ অঞ্চলে অস্থিতিশীলতা ডেকে আনবে।
গত মাসে তাইওয়ান প্রথমবারের মত ঘোষণা দেয়, চীন তাইওয়ানকে অক্রমণ করলে চীনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাসহ বিমান ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চলবে।
গত মাসে তাইওয়ান চীনের হামলা মোকাবিলায় সেনা মহড়াও করেছে। এ মহড়ায় তাইওয়ানের ভুমি থেকে ভুমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র চীনের উপকূলীয় বিমানবন্দর, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং যোগাযোগ ব্যবস্থার উপর হামলা চালানোর নানা কৌশল প্রদর্শন করে সেনারা।
