নাইজেরিয়ার অপহৃতদের মুক্তি দিয়েছে জঙ্গিরা
নাইজেরিয়ার তেল উৎপাদনকারী নাইজার অববাহিকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তিন দিনে ১৮ বিদেশিকে অপহরণ করার পর বৃহস্পতিবারই তাদের সবাইকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে। নাইজেরিয়ার গেরিলা দল ‘এমানসিপেশন অব দ্য নাইজার ডেলটা’ (এমইএনডি) সব জিম্মিকে মুক্তি দেয়ার এই দাবি জানায়।
এমইএনডি দলের নেতা জানান, আর কাউকে জিম্মি করার ইচ্ছা তার দলের ছিলো না।
এর আগে রিভার্স স্টেটের একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র নির্মাণস্থল থেকে অপহৃত হয় দক্ষিণ কোরিয়ার তিনজন এবং ফিলিপাইনের আটজন শ্রমিক। অন্যদিকে সেখানকার ইতালি পরিচালিত একটি তেলক্ষেত্র থেকে অপহৃত হয়েছে অজ্ঞাত পরিচয় আরও ছয় বিদেশি।
কূটনীতিবিদরা জানান, বুধবার রাতে ওয়ারি শহরতলির একটি বার থেকেও অপহৃত হন এক ডাচ নাগরিক। আর এ নিয়ে গত মঙ্গলবার থেকে সেখানে অপহৃতের সংখ্যা পৌঁছে ২৪ জনে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় তেল স্থাপনাগুলোতে বিদ্রোহী হামলার সর্বশেষ ঘটনা এগুলো। যেসব হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার তেল উৎপাদন কমে দিন প্রতি দাঁড়িয়েছে ছয় লাখ ব্যারেলে, যা উৎপাদন ক্ষমতায় পাঁচ ভাগের এক ভাগ।
হামলার কারণে সাইপেম ও এসবিএম অফশোর তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি। উলে¬খ্য, ওকোনো/কেপোহো তেলক্ষেত্র থেকে প্রতিদিন ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন করে থাকে সাইপেম ও এসবিএম অফশোর।
সাইপেমের মূল প্রতিষ্ঠান এনি তাদেরকে স্থাপনার ভেতর থেকে অপহরণের ঘটনার খবর নিশ্চিত করে। নাইজেরিয়ার নিরাপত্তা সূত্রগুলো প্রাথমিকভাবে ছয়জন অপহৃত হওয়ার কথা জানিয়েছিলো।
এদিকে দাইয়ু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার অপহৃত তিনজনই ছিলো তাদের শ্রমিক।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় শূন্য থেকে ১টার মধ্যে নাইজার অববাহিকার পোর্ট হারকোর্টের কাছে অপহরণ ঘটনা ঘটে।
নাইজার অববাহিকায় দাইয়ু কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানায়, নিরাপত্তা রক্ষী ও অজ্ঞাত পরিচয় অপহরণকারীদের মধ্যে ৪০ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর তাদের অপহরণ করা হয়। ওই সময় বেশ কয়েকজন নিহত বা আহত হয়েছেন।
সম্প্রতি নাইজার অববাহিকা এলাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আর এর পেছনে রয়েছে সেখানকার দারিদ্র, অরাজকতা ও দুর্নীতি এবং লাভজনক তেলচুরি বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই।
বিস্তির্ণ জলাভূমিপূর্ণ এ এলাকার স্বায়ত্বশাসন দাবি করে আসছে বিদ্রোহীরা, যেখান থেকে উত্তোলন করা হয় নাইজেরিয়ার সব তেল।
গত বছরের জুন মাসে দক্ষিণ কোরিয়ার দাইয়ু কোম্পানির পাঁচ গ্যাস শ্রমিককে একই এলাকা থেকে অপহরণ করা হয়। তবে এরা ৪০ ঘণ্টা পর ছাড়া পান। ভারি অস্ত্রে সজ্জিত গেরিলারা তখন দাবি জানিয়েছিল, কারাগারে থাকা তাদের নেতা মুজাহিদ দোকুবো-আসারির মুক্তির।
