২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে মোকাবিলায় তাইওয়ানের তোড়জোড় যুক্তরাষ্ট্র সমর্থন করে না

চীনকে মোকাবিলায় তাইওয়ানের ক্ষেপণাস্ত্র তৈরির তোড়জোড় যুক্তরাষ্ট্র সমর্থন করে না। তাইওয়ানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন ইয়ং বৃহস্পতিবার একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 06:07 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তাইওয়ানের ‘আমেরিকান ইন্সটিটিউট’-এর পরিচালক স্টিফেন বলেন, গত দশকে যুক্তরাষ্ট্র চীনের অস্ত্র শান দেয়ার পাল্টা জবাবে তাইওয়ানের অস্ত্র সংগ্রহের প্রচেষ্টায় সমর্থন দিয়েছে। কিন্তু চীনের পাশাপাশি তাইওয়ানও আক্রমণাত্মক অস্ত্র তৈরির উদ্যোগ নিলে তাতে গোটা অঞ্চলের নিরাপত্তাই বিঘ্নিত হবে বলে যুক্তরাষ্ট্র মনে করে।

ইয়াং এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র অনেকরকম হতে পারে। এর মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র অন্যতম। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে আক্রমণাত্মক নয়, বরং তাইওয়ানের আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরির দিকেই মনোনিবেশ করা উচিত।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী ডেনিস উইল্ডার গত সপ্তাহে ওয়াশিংটনে বলেন, ১৯৪৯ সালের গৃহযুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ঘোর শত্রু হয়ে যাওয়া চীন এবং তাইওয়ানের হাতে আক্রমণাত্মক অস্ত্র থাকলে তা এ অঞ্চলে অস্থিতিশীলতা ডেকে আনবে।

চীন এখনো তাইওয়ানকে অবিচ্ছেদ্য অংশ দাবি করে আসছে। তাইওয়ান স্বাধীনতার কোনো পদক্ষেপ নিলে তা প্রতিহত করতে সেখানে হামলা চালানোরও হুমকি দিচ্ছে চীন। তাইপের অভিযোগ, চীন তাদের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে।

সম্প্রতি গত মাসে তাইওয়ান প্রথম চীনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে।

ইয়াং চীনকে মোকাবিলায় এর আগে তাইওয়ানকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করেছেন। কিন্তু দু’দেশের এই আক্রমণাত্মক অবস্থানের মুখে ইয়াং বলেন, “দুপক্ষের এই হুমকি পাল্টা হুমকিতে বিরাজমান প্রচণ্ড ঝুঁকির মধ্যেও উভয়পক্ষেরই দায়-দায়িত্ববোধও থাকা দরকার।”