২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টের উত্তরসূরির আকস্মিক মৃত্যু তদন্ত করবে উগান্ডা

প্রেসিডেন্ট ইউরি মুসাভেনির সম্ভাব্য উত্তরসূরি ব্রিগেডিয়ার নোবেল মায়োম্বোর আকস্মিক মৃত্যুর ঘটনা তদন্ত করবে উগান্ডা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 04:46 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

শীর্ষ এই সেনা কর্মকর্তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে গুঞ্জনের মধ্যে সরকার ঘটনাটি তদন্তকরার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার উগান্ডার সরকার পরিচালিত একটি পত্রিকা একথা জানায়।

অনেকের চোখেই উগান্ডার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন নোবেল মায়োম্বো। একসঙ্গে দেহের কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ার পর তাকে বিমানে করে কেনিয়ায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তিনি মারা যান।

৪২ বছর বয়স্ক মায়োম্বোর মৃত্যুতে স্থানীয় সংবাদমাধ্যমে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

বৃহস্পতিবার ব্যক্তিমালিকানাধীন ডেইলি মনিটর পত্রিকার প্রথম পাতার শিরোনাম হয়েছে- “মায়োম্বোকে বিষ প্রয়োগ করা হয়েছিল?” যদিও সে ধারণা সম্পর্কে তারা কোনো সূত্র উল্লেখ করেনি।

এদিকে, উগান্ডার প্রতিরক্ষামন্ত্রী ক্রিসপাস কিয়োঙ্গার বরাত দিয়ে সরকার পরিচালিত দৈনিক নিউ ভিশন জানিয়েছে, মায়োম্বোর মৃত্যুর কারণ জানতে সরকারি চিকিৎসকরা মৃতদেহের পুঙ্খানুপুঙ্খ সুরতহাল করবেন।

তিনি বলেন, “বিগ্রেডিয়ার মায়োম্বোর অসুস্থতার কারণ জানতে আমরাও আগ্রহী। আমরা চিকিৎসকদের বক্তব্যের জন্য অপেক্ষা করব। বিষ প্রয়োগ করা হয়ে থাকলে আমরা তা জানতে পারব।”

মুসাভেনির ঘনিষ্ঠ সহযোগী মায়োম্বো পদন্নোতি পেয়ে সেনবাহিনীর গোয়েন্দা প্রধান হয়েছিলেন। এর আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং নিউ ভিশন মিডিয়া গ্রুপের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০ বছর আগে এক অভ্যুত্থানের পর থেকে উগান্ডা শাসন করছেন মুসাভেনি (৬৩)। মায়োম্বের মৃত্যুতে কে হবেন মুসাভেনির উত্তরসূরি তা নিয়ে উগান্ডায় বিতর্ক এখন চরমে।