শেষ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৃহস্পতিবার তার মেয়াদের সর্বশেষ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন। দেশটিতে স্থানীয় পরিষদ, স্কটল্যান্ডের পার্লামেন্ট ও ওয়েলসের অ্যাসেমব্লির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। এ নির্বাচন স্কটল্যান্ডকে ব্রিটেন থেকে স্বাধীন হওয়া সংক্রান্ত একটি গণভোট আয়োজনের পথে এগিয়ে নিতে পারে।
ইরাক যুদ্ধ, রাজনৈতিক কেলেঙ্কারি ও জনসেবা খাতে খরচ নিয়ে শ্রমিক দলের প্রতি সমর্থন ইতিমধ্যেই দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দলটি তাই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের ফলাফল বিপক্ষে গেলে ব্লেয়ারের এক দশকের মেয়াদ শেষ হবে চরম ব্যর্থতার মধ্য দিয়ে। তার ক্ষমতা গ্রহণের এক দশক পূর্তি হয় ১ মে। তিনি জুলাই মাসে দলের প্রধানের পদ ত্যাগ সংক্রান্ত ঘোষণা আগামী সপ্তাহে দিতে পারেন।
এ নির্বাচন রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরনের নেতৃত্বের প্রতি ব্রিটিশদের সমর্থন আছে কিনা তারও প্রমাণ দেবে। শ্রমিক দলের এক দশকের শাসনামলে বিক্ষিপ্ত মধ্যডানপন্থী দলটিকে তিনি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
বৃহস্পতিবারের নির্বাচন প্রসঙ্গে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ওয়েইন গ্রান্ট বলেন, “আমার ধারণা, আজকের রাতটা শ্রমিক দলের জন্য বাজে একটা রাত হবে।”
তবে নির্বাচনের দিন সবচেয়ে বেশি মনোযোগ কাড়ছে স্কটল্যান্ড। সেখানে জনমত জরিপে দেখা গেছে, ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা চাওয়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) শ্রমিক দলকে বিপুল ব্যবধানে হারিয়ে স্কটল্যান্ডের পার্লামেন্টের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হবে। এর মাধ্যমে স্কটল্যান্ডে শ্রমিক দলের ৫০ বছরের শাসনের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। এটা হলে দলটির নেতা অ্যালেক্স স্যালমন্ড স্কটল্যান্ড শাসন করবেন, পাশাপাশি ২০১০ সাল নাগাদ স্বাধীনতা চেয়ে একটি গণভোট আয়োজন সংক্রান্ত নিজের প্রতিশ্রুতি বাস্তরায়ন করতে চাইবেন।
শ্রমিক দল স্কটল্যান্ডের স্বাধীনতার বিরোধী। তবে ১৯৯৯ সালে এডিনবার্গ পার্লামেন্ট ব্রিটিশ সরকারের স্কটল্যান্ড শাসন ক্ষমতা সীমিত করে।
