২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধব্যয় বিল নিয়ে মতৈক্যে পৌঁছানোর পথ খুঁজছেন বুশ ও ডেমোক্রেট নেতারা

ইরাক থেকে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরু সংক্রান্ত যুদ্ধব্যয় বিলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের দেওয়া ভেটো প্রত্যাহারে তাকে চাপ দিতে ব্যর্থ হয়েছেন ডেমোক্রেট নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বুধবার তারা প্রেসিডেন্টের ভেটো অকার্যকর করতে ভোট দেন। কিন্তু প্রয়োজনীয় ব্যবধান অনেক কম হওয়ায় ডেমোক্রেটদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এর পক্ষে-বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২২২ ও ২০৩টি। বুশের দেওয়া ভেটো প্রত্যাহারে তাকে চাপ দিতে দুই-তৃতীয়াংশ ভোটের ব্যবধানের প্রয়োজন ছিল।

তবে ভোটের সময় বিলটির প্রতি প্রতিনিধি পরিষদের ক্রমবর্ধমান সমর্থনের বিষয়টি প্রকাশিত হয়েছে। ডেমোক্রেট নেতারা এ পরিস্থিতিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের মূল লক্ষ্য হলো চার বছর ধরে চলা ইরাক যুদ্ধ বন্ধ করা যাতে তিন হাজার ৩০০ এরও বেশি সেনার এবং অগণিত ইরাকির মৃত্যু হয়েছে।

ভেটো প্রত্যাহার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর ডেমোক্রেট নেতাদের হোয়াইট হাউজে আসার আমন্ত্রণ জানান বুশ। তিনি বলেন, “গতকাল আমাদের মধ্যকার মতপার্থক্যের বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছিল। আর আজ থেকে আমরা মতৈক্যে পৌঁছানোর ব্যাপারে কাজ করতে পারবো।”

এ প্রসঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট ন্যান্সি পেলোসি বলেন, “মতপার্থক্য যাই থাকুক না কেন, আমরা মতৈক্যে পৌঁছানোর ব্যাপারে মার্কিন জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এতে ব্যর্থ হলে আমরা নিজ নিজ অবস্থানে অটল থাকবো। তবে মতৈক্যে পৌঁছাতে অবশ্যই সর্বোত্তম পন্থা অনুসরণ করবো আমরা।”

এদিকে সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাকোনেল বলেন, বিলটির ব্যাপারে মে মাসের শেষ নাগাদ একটি ঐকমত্য হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

এ সংক্রান্ত প্রাথমিক কিছু প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জোশ বোল্টেন, সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হ্যারি রিড ও ম্যাকোনেল।

এদিকে বুশ অভিযোগ করেন, প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ডেমোক্রেটরা সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ, এর মাধ্যমে সংবিধানসম্মত উপায়ে সশস্ত্রবাহিনীর প্রধান হিসেবে তার অপর অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে।

বুশের এ মন্তব্যের তীব্র বিরোধিতা করে রিড বলেন, “তার মতো একজন ব্যক্তির কাছ থেকে অসাংবিধানিক তৎপরতা চালানোর অভিযোগ খানিকটা আশ্চর্যজনক। তার প্রশাসন পরিষ্কারভাবে যেসব অসাংবিধানিক তৎপরতা চালিয়েছে তা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না।”

গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট ইরাক ও আফগানিস্তানের জন্য ১২ হাজার ৪০০ কোটি ডলারের জরুরি যুদ্ধ তহবিল বরাদ্দের অনুমোদন দেয়। ডেমোক্রেট নেতারা বিলটিতে ইরাক থেকে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে সব সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দেন।