নেপালের মাওবাদী শিবিরে শ’ শ’ সাপের হানা
নেপালের সাবেক মাওবাদী যোদ্ধাদের শিবিরে বুধবার শ”শ’ সাপ হানা দিয়েছে। এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শীর্ষ মাওবাদী নেতা প্রচণ্ড।
সাপের কামড়ে কোনো মাওবাদী গেরিলা মারা গেছে কিনা প্রচণ্ড তা জানাননি। তবে তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা আরএসএস জানিয়েছে, মাওবাদীদের একটি শিবিরেই ৭ শতাধিক সাপ মারা হয়েছে।
নেপালে ৩১ হাজার সাবেক মাওবাদী গেরিলার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে ২৮ টি শিবির রয়েছে। এসব শিবিরে সাপের উৎপাতের জন্য প্রচণ্ড নেপাল সরকারকে দায়ী করেছেন। তিনি শিবিরগুলো রক্ষণাবেক্ষণে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন।
গত নভেম্বরে নেপালে মাওবাদীদের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘপ্রতিক্ষীত শান্তি চুক্তির আওতায় সরকার ওই শিবিরগুলো রক্ষণাবেক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। ওই শান্তি চুক্তির বদৌলতেই দশকব্যাপী গৃহযুদ্ধ থেকে শান্তির বাতাবরণে আসে নেপাল।
উল্লেখ্য, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নেপালে সাপকে দেবতা মানা হয়। দেবতা হিসাবে শিব, মনষা পুজার প্রচলনও আছে।
