শান্তি আলোচনা শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনকে সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র
চূড়ান্ত পর্যায়ে শান্তি আলোচনা শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনকে আট মাস সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিন কর্মকর্তা বুধবার একথা জানান। এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের এটাই প্রথম।
কর্মকর্তারা জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র উভয় পক্ষের নেতাদের মধ্যে শান্তি আলোচনা শুরুর জন্য ওই সময়ের মধ্যে কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। এছাড়া গাজা উপত্যকা ও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে ফিলিস্তিন বাস ও ট্রাক চলাচল করতে দেওয়ার জন্য ইসরায়েলের কাছে দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল এ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
প্রস্তাবে ওই সময়ের মধ্যে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তার নিজস্ব বাহিনী মোতায়েন করে জঙ্গিদের রকেট ছোড়া বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
তবে প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ আব্বাস বাহিনীর সঙ্গে ফিলিস্তিনে ক্ষমতাসীন হামাস দলের সশস্ত্র শাখা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সংঘাত বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, প্রস্তাব অনুযায়ী ২০০৭ সাল শেষ হওয়ার আগেই আব্বাসকে যুক্তরাষ্ট্রের ওই দাবি বাস্তবায়ন করতে হবে।
আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী সায়েব এরেকাত যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “এর কিছু কিছু দাবি মেনে নেওয়া কঠিন। তবে এটাই সঠিক পদক্ষেপ।”
এদিকে নিরাপত্তা নিয়ে তার দেওয়া প্রতিশ্রুতি আব্বাস বাস্তবায়ন করবেন কিনা তা নিশ্চিত হওয়ার আগে ফিলিস্তিনিদের অবাধ যাতায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রশ্নে আপত্তি তুলেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
তবে দুই পক্ষের মধ্যে আলোচনার সময় উপস্থিত ছিলেন এমন এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে রাজি হয়েছে।
বুশ প্রশাসনের ওই প্রস্তাব কতোটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। কূটনীতিবিদরা অবশ্য বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোরিজা রাইস বাধা সত্ত্বেও ওই প্রস্তাব বাস্তবায়নে খুবই আগ্রহী। ওয়াশিংটন আশা করছে, এসব পদক্ষেপ উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত পর্যায়ে শান্তি আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করবে।
