প্রাণহানির ঘটনায় আফগানরা ধৈর্য হারাচ্ছে: কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, তালেবানদের খোঁজে পশ্চিমা বাহিনীর চলমান অভিযানে নিরীহ লোকজনের প্রাণহানির ঘটনায় আফগানরা ধৈর্য হারাচ্ছে।
আফগান কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন সেনা বাহিনীর তল্লাশি অভিযানে অন্ততপক্ষে ৫০ জন আফগান নিহত হয়েছে। এই ব্যাপক প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে বুধবার পর্যন্ত টানা ৪ দিন মার্কিন ও কারজাই বিরোধী বিক্ষোভ করেছে আফগানরা।
এ ব্যাপারে কারজাইয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাজধানী কাবুলে কড়া নিরাপত্তা ব্যবস্থাধীন বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, “আফগান নিহতের ঘটনা আমরা আর মেনে নিতে পারি না। এটি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। যার ভার বহন করা দুস্কর। বেসামরিক লোকজন নিহতের ঘটনায় আমাদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠছে।”
প্রাণহানির ঘটনা রোধে ব্যর্থতার জন্য বিক্ষোভকারীরা কারজাইয়ের পদত্যাগ দাবি করেছে। আফগানিস্তানে চলমান তালেবান জঙ্গি তৎপরতার মধ্যে আফগান নিহতের ঘটনা কারজাই সরকারের জন্য গোদের ওপর বিষফোঁড়ার মতোই।
বুধবার ৪র্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে আফগানরা বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয়ের প্রায় দু’হাজার শিক্ষার্থী নানগারের পুর্বাঞ্চলের প্রদেশে মার্কিন বিরোধী ও কারজাই বিরোধী স্লোগান দেয়।
প্রসঙ্গত, গত রোববার এ এলাকায় ছয় জন বেসামরিক লোক নিহত হয়েছে। পশ্চিমের ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশেও ও বিক্ষোভ হয়েছে। পুলিশ জানায়, এই সম্প্রতি কয়েকদিনে এ এলাকায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে ৩০ জন আফগান নিহত হয়েছে।
এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা কাবুল ও পাকিস্তানের মধ্যকার প্রধান সংযোগ সড়ক বুধবার বন্ধ করে দেয়। নানাগারে ক’দিন আগেই পশ্চিমা বাহিনীর হাতে দুই আফগান নিহতের ঘটনার প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ ঠেকাতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হেরাত প্রদেশে পশ্চিমা সেনাদের বড় ঘাঁটি রয়েছে। বিক্ষোভকারীরা ওই ঘাঁটির দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আফগানিস্তানে সম্প্রতি বেড়ে যাওয়া তালেবান জঙ্গি হামলার মাঝে আফগান হতাহতের ঘটনা বিদেশি সেনা ও কারজাই দুপক্ষের জন্যই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কারজাই বরাবরই বিদেশি সেনাদের অভিযানে আফগান নিহতের ঘটনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়ে আসছেন।
এ সম্পর্কে কারজাই বলেন, “আমি বরাবরই মার্কিন ও ন্যাটো সেনা কমান্ডারদের তালেবানবিরোধী অভিযানে সমন্বয় সাধন করে চলা এবং সাবধানতা অবলম্বনের অনুরোধ করে আসছি। কিন্তু আমরা যেভাবে চেয়েছি সেভাবে কাজ হচ্ছে না। এটি দুর্ভগ্যজনক। এ আচরণের মধ্য দিয়ে যেন আফগান জনগণের ধৈর্য্য পরখ করা হচ্ছে। কিন্তু এ মনোভাবের পরিবর্তন দরকার, ঠিক পথে আসা দরকার। নাহলে পরিস্থিতি আমাদের সবার জন্যই খারাপ হয়ে উঠবে।”
সম্প্রতি মার্কিন কর্মকর্তারা স্থল ও বিমান হামলায় ১৩০ জন তালেবান নিহতের দাবি জানানোর পরপরই হেরাতে বেসামরিক আফগান হতাহতের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।
মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী জানায়, তারা শিনদান্দের দক্ষিণে জেরকো জেলায় গত কয়েকদিন আলাদাভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। কিন্তু নানগারে নিহতদের আত্মীয়-স্বজন ও কর্মকর্তারা জানান, নিহতরা সবাই নিরীহ আফগান। এদের মধ্যে তিনজনই নারী।
যৌথবাহিনীর অভিযানে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনার প্রতিবাদে আগের দিন রোববার পূর্ব আফগানিস্তানে কয়েকশ’ আফগান যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে।
