২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরান প্রচুর পরিমাণে সেন্ট্রিফিউজ উৎপাদনে সক্ষম’

ইরান তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচির আরও উন্নতির ইঙ্গিত দিয়েছে বুধবার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জোমোহুরি এসলামি পত্রিকা জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ ‘প্রচুর পরিমাণে উৎপাদনে’ সক্ষম তারা।

ইরানের পরমাণু উচ্চাকাঙ্খা নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমের অচলবস্থা আরও ঘনীভূত হচ্ছে। বিশ্ব শক্তিগুলোর সন্দেহ, পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। কিন্তু ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, যাতে তারা তাদের তেল ও গ্যাস বেশি করে রপ্তানি করতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এক সাক্ষাতকারে জোমোহুরি এসলামি পত্রিকাকে বলেছেন, “একটা সময় একটা সেন্ট্রিফিউজ উৎপাদন করাও ছিল ইরানের জন্য সমস্যা। কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণে সেন্ট্রিফিউজ উৎপাদনের প্রযুক্তি পেয়ে গেছি।”

সাক্ষাতকারে তিনি পশ্চিমের চাপের কাছে মাথা নত না করার এবং তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ না করার বিষয়ে ইরানের প্রতিজ্ঞার বিষয়টিও পরিষ্কার করেন। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, তেহরান যদি পশ্চিমের চাপের মুখে নতি স্বীকার করে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করে তবে অন্যান্য বিষয়েও চাপ দেবে পশ্চিম।

তিনি বলেন, “আমরা যদি আমাদের পরমাণু ইস্যু থেকে সরে আসি, সেক্ষেত্রে আগামীকালই তারা (পশ্চিমা শক্তিগুলো) আমাদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে বিতর্কে জড়াবে।”