১৩ তামিল গেরিলাকে হত্যার দাবি শ্রীলঙ্কা সেনাবাহিনীর
তামিল বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে দুদিনে কয়েকটি সংঘর্ষে ১৩ গেরিলাকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কা সেনাবাহিনী।
বুধবার সেনাবাহিনীর এক মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সমরাসিংহে বলেন, উত্তরাঞ্চলীয় ভান্নি এলাকায় বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকার সীমান্তে গেরিলাদের কয়েকটি দল ও টহলরত সেনাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
তিনি বলেন, “বেশ কয়েকটি ছোটখাটো সংঘর্ষ হয়েছে। তবে বড় ধরনের কোনো অভিযান চালায়নি সরকারি সেনারা। গেরিলারা আমাদের সেনাদের অবস্থানের কাছেই ভান্নি এলাকায় অবস্থান করছিল।”
এসব অভিযানে ১৩ গেরিলাকে হত্যার দাবি করে সেনাবাহিনী। তবে এ নিয়ে গেরিলাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিরপেক্ষ সূত্র থেকেও এর সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষ বিপক্ষের হতাহতের সংখ্যা বাড়িয়ে এবং নিজেদের ক্ষতির পরিমাণ কমিয়ে বলছে।
পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া জেলায় অসামরিক নাগরিকদের হত্যার দায় মঙ্গলবার দুই পক্ষই একে অপরের ওপর চাপায়। দুই পক্ষের মধ্যে ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৬৮ হাজার মানুষ নিহত হয়েছে।
