সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে শ্রীলঙ্কার বিদ্রোহীরা
শ্রীলঙ্কার দুই দশকের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে সরকারের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখান করেছে তামিল বিদ্রোহীরা।
ওই প্রস্তাবে প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) তামিল বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জেলাগুলোর শাসনভার তাদের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তাদের অস্ত্র সমর্পণের ওপর জোর দিয়েছে। তবে বিদ্রোহীরা ওই প্রস্তাব প্রত্যাখান করে তাদের দাবিতে অটল রয়েছে।
প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) সোমবার ওই প্রস্তাব দেয় যাতে উচ্চপর্যায়ে না করে জেলা পর্যায়ে কেন্দ্রের ক্ষমতা খর্ব করার কথা বলা হয়েছে। কিন্তু বিদ্রোহীরা এ প্রস্তাব প্রত্যাখান করে আবারও বলেছে, তারা সংখ্যালঘু তামিলদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র চায় এবং তারা অস্ত্র সমর্পণ করবে না।
এ প্রসঙ্গে উত্তরাঞ্চলীয় ঘাঁটি কিলিনোচ্চি থেকে বিদ্রোহীদের মুখপাত্র রসিয়া ইলানথিরাইয়ান টেলিফোনে রয়টার্সকে বলেন, “কলম্বোর প্রভুরা যতোদিন তাদের সামরিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে ততোদিন আমরা এ ধরনের কেন, কোনো প্রস্তাবই বিবেচনা করতে রাজি নই।”
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তাব সরকার ও বিদ্রোহীদের মধ্যে কেবল সংঘাতই বাড়াবে। কারণ, এসব প্রস্তাব তামিলদের মূল দাবির কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ হবে।
এ প্রসঙ্গে স্বাধীন নীতিনির্ধারণী পরামর্শদাতা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অল্টারনেটিভের রোহান এদরিসিনহা বলেন, “এটা শুধু বিপর্যয়ই ডেকে আনবে।”
“মনস্তাত্ত্বিক দিক থেকে এটা সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় দারুণ নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ, এ প্রস্তাবের অর্থ হলো ক্ষমতাসীন দল ১৯৭০ এর দশকে না হলেও ১৯৮০ এর দশকের প্রথমদিকের নীতিতে ফিরে যাচ্ছে।”
“সংবিধানের ১৩ তম সংশোধনীতে যা বলা হয়েছে, এসএলএফপি তারচেয়েও কম কিছু প্রস্তাব করেছে। ওই সংশোধনীতে তামিলদের জন্য প্রাদেশিক সরকার গঠনের কথা বলা হয়েছে। সংঘাত নিরসনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এটা সত্যিই অদ্ভুত শোনাচ্ছে।”
এসএলএফপি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বিলুপ্ত করে, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা, পুলিশ ও সশস্ত্রবাহিনীতে অন্য জাতিগোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্তি এবং বিদ্যালয়গুলোতে বিভিন্ন ভাষায় শিক্ষাদানের বিষয়টি চালুর প্রস্তাব দেয়।
দেশটিতে একটি প্রেসিডেন্সিয়াল কমিটি গঠন করা হয়েছে যা বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়ার পর ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত ওই প্রস্তাবটি চূড়ান্ত করবে।
