২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারের পরাজয়, মালয়েশিয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনা

মালয়েশিয়া সরকার সোমবার উপনির্বাচনে জয় উদযাপন করেছে। বড় ধরনের রাজনৈতিক প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধীদলের পরাজয়ে এ উৎসব করেছে তারা। সরকার-বিরোধীদের পরাজয়ের ফলে মালয়েশিয়ায় আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। বেড়ে গেছে ক্ষমতাসীন দলের মনোবল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 06:34 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

শনিবারের উপনির্বাচনের পর একটি সুবিধাজনক অবস্থায় রয়েছে মালয়েশিয়া সরকার। নির্বাচনের ফল সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধী রাজনীতিবিদদের ওপর আঘাতস্বরূপ। আর ক্ষমতাসীন জোট পেলো শক্তিশালী ভিত। তারা এ বছরের শেষ দিকে নতুবা ২০০৮ সালের প্রথম দিকে আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে নিয়েছে।

নির্বাচনের ফলে সন্তোষ প্রকাশ করে সোমবার মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী নাজিব রাজাক সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র এখনও জীবিত এবং স্বচ্ছ।”

প্রসঙ্গত, ইজোকের উপ-নির্বাচনী প্রচারাভিযানে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিয়েছিলেন নাজিব। আর রাজধানীর বাইরের আধা-গ্রাম্য এ আসনটির উপনির্বাচন পরিণত হয়েছিল নাজিব ও আনোয়ারের মধ্যকার বিকল্প নির্বাচনী যুদ্ধে। কেননা, ধারণা করা হয়, নাজিব ও আনোয়ারের ইচ্ছা মালয়েশিয়ার নেতৃত্ব দেওয়ার।

উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রচারণা চালান নাজিব ও আনোয়ার। একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনেন তারা। আর এক পর্যায়ে নির্বাচন নিয়ে তাদের হাজার হাজার সমর্থকের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় বোতল ও পাথর ছোঁড়াছুঁড়ি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আনোয়ারের সরবে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা ও ‘রিফরমাসি’ (সংষ্কার) আন্দোলন পুনরায় শুরু করার প্রচেষ্টায় আঘাত হয়ে দেখা দিয়েছে উপনির্বাচনের ফল। এ আন্দোলন ১৯৯০ এর দশকের শেষ দিকে ব্যাপক আলোড়ন তুলেছিলো মালয়েশিয়ার রাজনীতিতে।

ইজোকের নির্বাচনে আনোয়ারের প্রচরাভিযানে সমর্থনদানকারী ও রাজ্যসভার অধিকাংশ বিরোধী আসনের অধিকারী ডেমোক্রেটিক অ্যাকশান পার্টির নেতা লিম কিট সিয়াং বলেন, “বিরোধীদের উচিত ড্রয়িং বোর্ডের কাছে গিয়ে ফল বিশ্লেষণ করা।”

ইজোকের উপনির্বাচনের ফলাফল ও আনোয়ারের রাজনৈতিক জীবন সম্পর্কে তিনি বলেন, ‘এটা তার জন্য আঘাত। তবে এর অর্থ এই না যে, এটি একটি নকআউট। আর যে কারো জন্যই এ উপসংহারে আসা মারত্মক ভুল যে, পরবর্তী রাউন্ডে এটা হবে বারিসন ন্যাশনালের জন্য একটি ওয়াকওভার এবং আনোয়ারের সমাপ্তি।”

ইজোকের ফলাফল আগাম সাধারণ নির্বাচনের সম্ভাবনা বাড়িয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে লিম বলেন, “এটি বেশি দেরিতে নয়, বেশ আগেভাগেই হবে।”

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এ উপনির্বাচন। যিনি তার ‘রিফরমাসি (সংস্কার)’ আন্দোলনের জন্য ১৯৯৮ সালে গ্রেপ্তার হন এবং সমকামিতাসহ বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই ছয় বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে ওইসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় ২০০৮ সালের এপ্রিলের আগে নির্বাচনে দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে আনোয়ারের। তাই এ নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। তবে ১০ বছর বাদে কীভাবে আবারও রাজনীতিতে ফিরে আসা যায় সে লক্ষ্যে ক্ষমতাসীন বারিসান দলের এক দারুণ জনপ্রিয় প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযানে নামেন তিনি। যার ফলে এ নির্বাচনটি বিবেচিত হয় জাতীয় নির্বাচনের বিকল্প হিসেবে।

২০০৯ সালের আগে মালয়েশিয়ায় একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নয়। যদিও অনেক বিশ্লেষকের ধারণা, আনোয়ার যাতে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে না পারেন সে লক্ষ্যে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগেভাগেই সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী বাদাবি।