জাতিসংঘ জলবায়ু প্যানেলের তৃতীয় দফা বৈঠক শুরু
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে জাতিসংঘের দু’দফা হতাশাজনক প্রতিবেদন প্রকাশের পর সোমবার আবারও বৈঠকে বসেছেন বিজ্ঞানী ও সংস্থাটির জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের সদস্যরা।
ব্যংককের এ বৈঠকে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করবেন বিশেষজ্ঞ ও একশটিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিরা। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোসহ উষ্ণতা রোধের উপায় নিয়ে শুক্রবার একটি খসড়া প্রস্তাবনা অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) উষ্ণতা রোধে একটি নীতিমালা প্রণয়ন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ব্যর্থ হলেও পরিবেশবাদী গ্রুপগুলো বলে আসছে, অল্প ক্ষতি স্বীকার করে নিয়ে মহাবিপর্যয় ঠেকানোর সময় এখনই। তা না হলে মানবজাতিকে ভয়াবহ মূল্য দিতে হবে।
জাতিসংঘ প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণতা রোধে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হলে বিশ্বের মোট বার্ষিক উৎপাদনের (জিডিপি) ০.২ শতাংশ থেকে ৩.০ শতাংশ ক্ষতি স্বীকার করতে হতে পারে ২০৩০ সাল নাগাদ। নিঃসরণ কমানোর তারতম্যের ওপর ভিত্তি করে এ উল্লিখিত হারের ভেতর তা ওঠানামা করতে পারে।
এ প্রসঙ্গে ডাব্লিউডাব্লিউএফ এর বৈশ্বিক জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক হান্স ভেরোলমে বলেছেন, “এটা অত্যন্ত স্পষ্ট যে কয়লা বা জীবাশ্ম জ্বালানির মতো বেশি কার্বনযুক্ত জ্বালানির ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন ও কার্যকর বিকল্প জ্বালানি ব্যবহার শুরু করে গ্যাস নিঃসরণের মাত্রা বর্তমান পর্যায় থেকে অনেক কমিয়ে আনতে পারি আমরা।”
এক বিবৃতিতে সোমবার তিনি আরও বলেন, “কিন্তু সরকারগুলো যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে বিশ্বের জনগণ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। অর্থনীতির হিসেবনিকেশ স্থির রাখার প্রচেষ্টার চেয়ে এ বিপর্যয়ের রোধ অনেক জরুরি।”
আইপিসিসি ফেব্রুয়ারি মাসে তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে বলা হয়েছিল, বৈশ্বিক উষ্ণায়নের জন্য যে মানুষের কর্মকাণ্ডই দায়ী তা প্রায় ৯০ ভাগ নিশ্চিত। ৬ এপ্রিল অনুমোদিত দ্বিতীয় প্রতিবেদনে উঠে আসে বিশ্বজুড়ে ক্ষুধা, খরা, তাপপ্রবাহসহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা।
ব্যাংককে তৃতীয় দফা বৈঠকে জাতিসংঘ জলবায়ু প্যানেল কতোটা সাফল্য পাবে সেটাই এখন দেখার বিষয়।
