সন্ত্রাসবাদে তহবিল যোগানোয় জড়িত সন্দেহে ৬ ব্রিটিশ মুসলিম অভিযুক্ত
দেশে ও দেশের বাইরে সন্ত্রাসবাদে তহবিল যোগানো ও মদদদানে যুক্ত থাকার অভিযোগে ছয় মুসলিমকে আটক করে রোববার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ব্রিটেন।
মঙ্গলবার ভোরে লন্ডনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার তাদের লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। লন্ডন পুলিশ একথা জানিয়েছে।
আটক ছয়জনের মধ্যে চারজনের বিরুদ্ধে যুক্তরাজ্যের বাইরে অন্যান্য দেশে সন্ত্রাসবাদে মদদ দেওয়ায় যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে রয়েছে কেবল ব্রিটেনের সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ।
এদের মধ্যে জ্যামাইকান বংশোদ্ভুত আবু ইজ্জাদিনও অন্যতম। গত বছর লন্ডনের একটি মুসলিম জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জন রিডের ভাষণ চলাকালে চিৎকার করে প্রতিবাদ জানানোর ঘটনায় মিডিয়ায় বহুল আলোচিত হন ইজ্জাদিন। ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় লাখ লাখ টিভি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
আবু ইজ্জাদিন ছাড়া আটক ও অভিযুক্ত অন্য পাঁচজন হলেন, পূর্ব লন্ডনের শাহ জালাল হুসেইন (২৪), সিমন কেলার (৩৫) ও ইব্রাহিম আবদুল্লাহ হাসান (২১) এবং পশ্চিম লন্ডনের ওমর জহির (২৭)। অপর একজন রাজিব খান (২৮) লন্ডনের উত্তরে লুটনের বাসিন্দা।
ইজ্জাদিনসহ কেলার, হাসান ও খানের বিরুদ্ধে বহির্বিশ্বে সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগ আনা হয়েছে।
জন রিডের ভাষণের সময় চিৎকার করে প্রতিবাদ জানানোর ঘটনায় ইজ্জাদিনের বিরুদ্ধে তখন কোনো অভিযোগ আনা না হলেও গত বছর বার্মিংহামের এক জনসভায় বক্তৃতার মাধ্যমে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগ করেছে লন্ডন পুলিশ।
