ফিলিস্তিনি রকেট হামলা বন্ধের ব্যবস্থা করা হবে: ওলমার্ট
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার গাজা থেকে ফিলিস্তিনি বন্দুকধারীদের রকেট হামলা বন্ধের পাশাপাশি ইহুদি রাষ্ট্রে তাদের অনুপ্রবেশ ঠেকানোর ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
মন্ত্রীসভায় সাপ্তাহিক অধিবেশন চলাকালে মন্ত্রীদের উদ্দেশ্যে ওলমার্ট বলেন, “ইসরায়েল গোলাগুলির ঘটনায় আমল না দিয়ে পারে না।”
ওলমার্ট বলেন, “আমরা সহিংসতা বাড়াতে চাই না। কিন্তু যারা দক্ষিণের ইসরায়েলি অধিবাসীদের ক্ষতি করছে তাদেরকে থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।” তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
প্রসঙ্গত, গাজার বন্দুকধারীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান চালানোর সিদ্ধান্ত গত সপ্তাহেই নিয়েছে ইসরায়েল। তবে একইসঙ্গে গাজা উপকূলে বড় ধরনের অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেছে তারা।
ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস জঙ্গিরা গত সপ্তায় পাঁচ মাসের যুদ্ধবিরতি ভেঙ্গে দেওয়ার পর গত কয়েকদিনে ইসরাইলি-গাজা সীমান্তে সহিংসতা বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা নয় ফিলিস্তিনিকে হত্যার পর হামাস জঙ্গিরা যুদ্ধবিরতি ভঙ্গের ঘোষণা দেয়।
এদিকে, গাজা সীমান্ত বেষ্টনীর কাছে ইসরায়েলি সেনারা রোববার হামাসের তিন বন্দুকধারীকে হত্যা করেছে।
