২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারবালায় গাড়িবোমা হামলায় ৬০ জন নিহত

ইরাকের কারবালায় শিয়াদের পবিত্র তীর্থ আল আব্বাস মাজারের কাছে এক গাড়িবোমা হামলায় শনিবার কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৭০ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মাজারের কাছে বাজার এলাকায় একটি চেকপয়েন্টে ঢুকে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটালে আশ পাশের বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায় এবং অনেক দোকানপাট বিধ্বস্ত হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সামরিক সূত্র একথা জানায়।

কারবালার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সালিম খাদিম বলেন, “ বিস্ফোরণে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০ জন।”

হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অনেককে স্থানাভাবে আশপাশের হাসপাতালগুলোতে পাঠাতে হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার জসিম নাজিম বলেন, চেকপোস্ট দিয়ে মাজারে ঢোকার পথে ছিল গাড়িটি। বাজারের মধ্যে লোকজনের ভীড়ে বিস্ফোরণটি ঘটানোয় রাস্তায় থাকা অনেক গাড়িতে আগুন ধরে যায় এবং আশপাশের অনেক দোকানপাট বিধ্বস্ত হয়।

এদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে এর আগের দুদিনে ৯ আমেরিকান সেনা নিহত হয়েছেন ইরাকে। এ নিয়ে এপ্রিল মাসে ইরাকে প্রায় ১০০ মার্কিন সেনা নিহত হল। সেনা মৃত্যুর হিসাবে ২০০৩ সালে আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন সেনাদের জন্য অন্যতম ভয়ঙ্কর মাস এটি।

ইরাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস গত বৃহস্পতিবার বলেন, গোষ্ঠীগত দাঙ্গাকে আরও উসকে দেওয়ার জন্যই এসব হামলা চালাচ্ছে আল কায়েদা। এসময় আল কায়েদাকে ‘জনগনের এক নম্বর শত্রু’ হিসেবে উল্লেখ করেন তিনি।