পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫, স্বরাষ্ট্রমন্ত্রী আহত
পাকিস্তানের পেশোয়ারে শনিবার একটি আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়েছেন। ওই হামলায় স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও আহত হয়েছেন বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের উত্তরপূর্বে চারসাদা শহরে একটি জনসভার পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে যখন লোকজন ভিড় করছিলেন ঠিক তখনই ওই হামলা হয়।
এ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব সৈয়দ কামাল শাহ আজ টিভিকে বলেন, “ঘটনাস্থল থেকে আসা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে, এটা একটি আত্মঘাতী হামলা ছিল।”
ওই ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন বলে তিনি জানান।
উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের স্বরাষ্ট্র সচিব বাচা গুল ওয়াজির রয়টার্সকে বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে রক্ত দেখেছেন। তবে কেন্দ্র সরকারের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর জীবনের আশঙ্কা দেখা দেয়নি।
এদিকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাসনিম আসলাম বলেছেন, “মন্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি টেলিফোনে অন্যদের সঙ্গে কথা বলেছেন।”
