২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের জন্মদিনে জ্বললো না কোনো মোমবাতি

শনিবার ছিল লৌহমানব হিসেবে পরিচিত ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ৭০ তম জন্মদিন। তবে জীবিত সাদ্দামের জন্মদিন যেভাবে পালন করা হতো জাঁকজমকের সঙ্গে, শনিবার তার কিছুই হয়নি। বরং তিনি বেঁচে নেই বলে তার কবরে আসা শিশুরা হাতে ধরা মোমবাতিগুলো না জ্বালিয়ে সেখানেই রেখে যায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

রাজধানী বাগদাদের উত্তরে তিকরিতের আওজা গ্রামে যেখানে তিনি জন্ম নিয়েছিলেন সেখানেই শায়িত আছেন সাদ্দাম। জন্মদিন উপলক্ষে তার কবরে এসেছিলেন সাদ্দামের গোত্রভুক্ত নারী-পুরুষ-শিশু মিলিয়ে প্রায় দুশ ইরাকি।

গত বছর ৩০ ডিসেম্বর মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ফাঁসি দেওয়া হয় তাকে। এরপরই তার কবরে আসা ইরাকিদের কাছে সাদ্দামের পরিচয় ‘শহীদ’ হিসেবে, যিনি মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ‘দখলদারিত্ব’ রুখে দাঁড়িয়েছিলেন।

মার্বেল পাথরে মোড়া মসজিদের ভেতরে লাল, কালো আর সাদা রঙের ইরাকি পতাকা আর ফুলে ফুলে শোভিত ছিল তার কবর।

শিশুদের সঙ্গে আসা এক ব্যক্তি ফাতেন আব্দুলকাদের জানালেন, সাদ্দাম বেঁচে নেই বলে তার কবরে মোমবাতি জ্বালায়নি শিশুরা।

চারটি শিশু হাতে বয়ে এনেছিল একটি ব্যানার। তাতে লেখা, “পিতা সাদ্দাম, জন্মদিনে আপনাকে শুভেচ্ছা। আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন আপনি।”

কবরের পাশে একটি টেবিলে রাখা ছিল মাথায় ঐতিহ্যবাহী সাদা-কালো স্কার্ফ বাঁধা স্যুট পরা হাস্যোজ্বল সাদ্দামের একটি ছবি। পাশেই রাখা কোরানের একটি কপি।

নারী-পুরুষ ভক্তরা কবরে পাশে হাঁটু গেড়ে বসে এতে চুমু খেয়ে প্রার্থনা করছিলেন তাদের ‘শহীদ’ নেতার জন্য। কবরে তারা রেখে আসেন প্রশংসাসূচক বাক্য যাতে স্তুতি করা হয়েছে এক সময়কার লৌহমানব সাদ্দামের।

মাথায় কালো স্কার্ফ পরা এক নারী সাদ্দামের কবরে মাথা রেখে কাঁদছিলেন হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো। শিশুরা সাদ্দামকে নিয়ে লেখা কবিতা পড়ছিল, আর গাইছিল তার আমলে নির্ধারিত ইরাকের জাতীয় সঙ্গীত।

অনেকেই সাদ্দামের ছবি ওপরে তুলে ধরে তাকে শ্রদ্ধা জানাচ্ছিলেন। এদের একটি ছিল ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধের সময় তোলা তার একটি ছবি।

“আজ, ২৮ এপ্রিল, শহীদ প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মদিন। শহীদ হওয়ার পর এটাই তার প্রথম জন্মদিন। তিনি একজন শহীদ। কারণ, তিনি দখলদারিত্ব রুখে দাঁড়িয়েছিলেন,” বলেন আব্দুলকাদের।

“আমেরিকানদের ইরাক ছাড়তেই হবে। আজ না হলেও, কাল।”