প্রতীক্ষায় দিন গুনছেন ফিদেল ভক্তরা
ফিদেল দীর্ঘজীবী হোক! রাউল দীর্ঘজীবী হোক! এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে হাভানার রাজপথ। কিন্তু দুই ভাইয়ের কোনজন আসলে দেশ চালাচ্ছেন সে বিষয়টি স্পষ্ট নয় অনেকের কাছেই।
দীর্ঘ অসুস্থতার পর অনেকটা সেরে উঠলেও এখনও জনসমক্ষে আসছেন না ফিদেল কাস্ত্রো। ১ মে শ্রমিক দিবসের জনসভায় যোগ দিয়ে ফিদেল কি আবারও ফিরে আসবেন জনতার মঞ্চে? প্রতীক্ষায় দিন গুনছেন ফিদেল ভক্তরা।
সাম্প্রতিক খবরাখবরে বলা হয়েছে অনেকটাই সেরে উঠেছেন ফিদেল। সরকার পরিচালনার অনেক কাজেও অংশ নিচ্ছেন তিনি। চীনা কম্যুনিস্ট পার্টির এক নেতার সঙ্গে গত সপ্তাহে ফিদেলের বৈঠকের ছবি ছাপা হয়েছে পত্রিকায়। ওই ছবি দেখেও ধারণা করা যায় যে অনেক সবল হয়েছেন তিনি।
চীনা নেতার সঙ্গে ফিদেলের একঘণ্টার বৈঠক এবং খবরের কাগজের তিনটি সাম্প্রতিক সম্পাদকীয় স্পষ্টতই এ ইঙ্গিত দিচ্ছে যে সরকারের কাজকর্মে ফিরে আসছেন তিনি। অন্ততপক্ষে বিদেশনীতির মতো বিষয়গুলোতে থাকছে ফিদেলের উপস্থিতি।
কিন্তু অনেক পশ্চিমা পর্যবেক্ষকের মত হচ্ছে, রাউলের কাছে ক্ষমতা হস্তান্তরের পর্বটা এর মধ্যেই শেষ হয়েছে কিউবায়। তবে তাদের ধারণা, বর্ষীয়ান রাষ্ট্রনেতা ফিদেল এক ধরনের নীতি নির্ধারণী ভূমিকা পালন করে যাবেন দেশটিতে।
ওয়াশিংটনে মার্কিন গোয়েন্দা দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, “রাউলের হাতে ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। আর এমন কোনো সম্ভাবনাও নেই যে ফিদেল আবার রাষ্ট্রক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন। যদিও অন্তরালে থেকে নীতি নির্ধারণী ভূমিকায় থেকে যাবেন তিনি।”
যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে ফিদেলের অসুস্থতা নিয়ে অনেক গুঞ্জন, অনেক রটনা থাকলেও এতোদিনে তার সেরে ওঠার বিষয়টি স্বীকার করতে শুরু করেছেন তারা। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্যই তার প্রমাণ। কিন্তু ফিদেলের ফিরে আসাটা কতোটা প্রভাব ফেলবে পশ্চিমের কূটনীতিতে, তা দেখার অপেক্ষায় আছে সবাই।
