ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্রকে হাভিয়ার সোলানার আহ্বান
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন শুক্রবার। একইসঙ্গে সোলানা বলেছেন, তিনি নিশ্চিত যে তেহরান ওই ধরনের আলোচনায় বসতে প্রস্তুত।
ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ওপর ব্রাসেলসে এক মুক্ত আলোচনায় তিনি বলেন, “আমাদেরকে দেখতে হবে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের আগ্রহ কতটুকু। আমি মনে করি ইরানের সঙ্গে যোগাযোগের একটি পথ খুলতে যুক্তরাষ্ট্রের এখনই উপযুক্ত সময়।”
ইরান বলে আসছে যে জ্বালানি তৈরির জন্য পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন করছে তারা। কিন্তু পশ্চিমের আশঙ্কা, জ্বালানি কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। এ বিরোধ নিয়ে ইতোমধ্যেই তেহরানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোলানা বলেন, “এমন একটা পরিস্থিতিতে অটল থাকা খুবই জটিল। যেখানে ইরানকে বিবেচনা করা হচ্ছে এমন একটা দেশ হিসেবে যার সঙ্গে কোনো প্রকার আলোচনার আয়োজন করা যাচ্ছে না। আমি মনে করি আলোচনা হলে তা ভাল হবে। আমি আগামী কয়েক দিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।”
ইরানের প্রধান পরমাণু আলোচক ও দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনির ঘনিষ্ঠ আলি লারিজানির সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দিনব্যাপী আলোচনার পর এসব কথা বলেন ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অনুমতি খামেনি দেবেন কিনা– এ প্রশ্নের জবাবে সোলানা বলেন, “ কোনো প্রকার সংশয় ছাড়াই আমি বলছি, হ্যাঁ।”
সোলানা আরও বলেন, বিষয়টি নিয়ে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে তিনি কথা বলবেন।
