কসোভো সঙ্কটে দৃষ্টি ফেরাল জাতিসংঘ
সার্বিয়া থেকে বিচ্ছিন্নতাকামী কসোভো প্রদেশ নিয়ে সৃষ্ট সঙ্কট শুক্রবার প্রথমবারের মতো আমলে নিয়েছেন ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতরা। পশ্চিমারা কয়েকমাসের মধ্যেই কসোভোর স্বাধীনতা চায়।
প্রিস্টিনায় বৃহস্পতিবার কসোভোর জাতিসংঘ কর্তৃপক্ষ, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য কড়া নিরাপত্তর মধ্য দিয়ে জাতিসংঘ কুনীতিকদের বাসে করে নিয়ে আসা হয়। কসোভোর সরকারি ভবনে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাদের স্বাগত জানান সরকারের সহযোগীরা।
বেলগ্রেড থেকে ফ্রান্সের সেনাবাহিনীর একটি ফ্লাইটে জাতিসংঘ প্রতিনিধিদলটি বৃহস্পতিবার রাতে প্রিস্টিনা পৌঁছায়। সেখানে তখন সার্ব নেতাদের বিক্ষোভ চলছিলো। কসোভোর স্বাধীনতা নিয়ে জাতিসংঘ পরিকল্পনার বিরুদ্ধেই তাদের এই বিক্ষোভ।
সার্ব ও জাতিগত আলবেনীয়দের সঙ্গে ১৩ মাসের আলোচনার পর ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্টি আতিসারি কসোভোর আত্ম-নিয়ন্ত্রণাধিকারের একটি রূপরেখা দিয়েছিলেন। ওই রূপরেখা বাস্তবায়নে রাশিয়া এবং পশ্চিমাদের সদিচ্ছার ক্রমবর্ধমান কুটনৈতিক পরীক্ষার অংশ হিসাবেই সাম্প্রতিক এই তথ্য অনুসন্ধান মিশনে এলেন জাতিসংঘ রাষ্ট্রদূতরা।
সার্বিয়া কসোভোর স্বাধীনতার বিষয়টি নিয়ে আরো আলাপ-আলোচনা চায়। সার্বিয়াকে সমর্থন দিয়েছে রাশিয়া। সেইসঙ্গে আতিসারির পরিকল্পনাকে ব্যর্থ বলেই মনে করছে রাশিয়া। তাই রাশিয়ার উদ্যোগেই জাতিসংঘ মিশনে আসা রাষ্ট্রদূতরা সার্ব এবং আলবেনীয় উভয়পক্ষের সঙ্গেই বৈঠক করবেন। বৈঠকে ৯০ শতাংশ জাতিগত আলবেনীয় এবং এক লাখ সার্ব অংশ নেবে। ৪৮ ঘন্টায় হেলিকপ্টার এবং বাসে করে বিভিন্ন শহর এবং যুদ্ধবিধ্বস্ত সার্ব ও আলবেনীয় গ্রাম থেকে আসবে তারা।
রাশিয়া আরো আলাপ-আলোচনার পক্ষে হলেও যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদেশগুলো চায় জুনের মধ্যেই কসোভোর জাতিসংঘ প্রশাসন বিলুপ্ত হোক। সেইসঙ্গে একটি প্রস্তাবনার মধ্য দিয়ে কসোভো ইউরোপীয় ইউনিয়নের তদারকাধীন স্বাধীনতা পরিকল্পনার আওতায় চলে আসুক। পশ্চিমাদের আশঙ্কা, আলবেনীয়দের স্বাধীনতা পেতে দেরী হলে কসোভোয় শান্তিরক্ষা মিশনে থাকা প্রায় ১৬ হাজার ৫শ’ ন্যাটো সেনা অস্থিরতার মধ্যে পড়ে যাবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের কথাতেই সেই উদ্বেগ স্পষ্ট। অসলোয় বৃহস্পতিবার ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি বলেছেন, “কালবিলম্ব হলে বলকান অঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় থাকার সম্ভাবনার ব্যাপারে আমরা কথা দিতে পারছি না।”
উল্লেক্য, ১৯৯৯ সাল থেকে কসোভো জাতিসংঘের শাসনাধীনে রয়েছে। ন্যাটো সেনারা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের সঙ্গে লড়াইরত সার্ব বাহিনীকে তাড়িয়ে দিয়েছে। সার্ব সহিংসতায় কসোভোয় এ পর্যন্ত মারা পড়েছে হাজার হাজার জাতিগত আলবেনীয়।
