আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার আশা করছেন মুশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ ওই পদে পুনর্নির্বাচিত হওয়ার আশা করছেন। নভেম্বরে পরবর্তী সাধারণ নির্বাচনের আগে বর্তমান পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাবে।
তার আগেই আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করবে বলে আশা করছেন মুশাররফ। বসনিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে মুশাররফ একথা বলেন। শুক্রবার সাক্ষাতকারটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
১৯৯৯ সালে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা দখল করেন মুশাররফ। এরপর ২০০২ সালে পার্লামেন্ট তাকে প্রেসিডেন্ট নির্বাচন করে। চারদিনের ইউরোপ সফরে বর্তমানে তিনি বসনিয়ায় আছেন।
বসনিয়ার দৈনিক সেভনি আভাজকে দেওয়া ওই সাক্ষাতকারে মুশাররফ বলেন, “নভেম্বরে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও গণতান্ত্রিক ওই নির্বাচনে সব দল অংশ নিতে পারবে।”
“আমি আশা করি রাজনৈতিক যে পক্ষটি আমাকে সমর্থন দিচ্ছে তারা আবারও নির্বাচনে জয়ী হবে। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আমি আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার আশা করছি।”
পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ও সিনেট এবং চারটি প্রাদেশিক সরকার প্রেসিডেন্ট নির্বাচন করে। এসব ক্ষেত্রে মুশাররফকে সমর্থনদানকারী রাজনৈতিক পক্ষটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
মুশাররফ এমন এক সময় এ মন্তব্য করলেন যখন দেশটিতে জোর গুজব-তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা করছেন। এক্ষেত্রে বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পদে নির্বাচনে মুশাররফের বিরোধিতা না করে বরং ভোট দেওয়া থেকে বিরত থাকবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
দুর্নীতির দায় মাথায় নিয়ে বেনজির প্রায় এক দশক ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন।
বেনজির মুশাররফের কাছ থেকে সেনাবাহিনীর প্রধানের পদ ছেড়ে অসামরিক নেতা হওয়ার প্রতিশ্রুতি চেয়েছেন। তবে মুশাররফ তাতে রাজি হবেন না বলেই ধারণা করা হয়।
