এলটিটিইর যুক্তরাষ্ট্র শাখার সন্দেহভাজন প্রধান গ্রেপ্তার
শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহীদের (এলটিটিই) যুক্তরাষ্ট্র শাখার সন্দেহভাজন প্রধানকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়েছে বলে ব্রুকলিনের একটি আদালতের সরকারি কৌঁশুলিরা জানিয়েছেন।
তারা জানান, করুণাকরণ কান্দাস্বামী নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
কৌঁশুলিরা আরও জানান, শ্রীলঙ্কার তামিল টাইগারদের নিউইয়র্ক শাখার পরিচালক হিসেবে কান্দাস্বামী অর্থ সংগ্রহসহ এর সব কাজ তদারক করেন। ওই শাখাটি কুইন্স শহরে অবস্থিত।
শ্রীলঙ্কা সরকারের অভিযোগ, এলটিটিই বিদেশ থেকে অর্থ সাহায্য পেয়ে থাকে এবং প্রবাসী তামিলরা এসব সাহায্য দিয়ে থাকেন। এ অর্থ দিয়ে বিদ্রোহীরা অস্ত্র কেনে এবং সরকারবিরোধী বিভিন্ন ধরনের প্রচারণা চালায়। নিজেদের সংগঠিত করতে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রসহ অন্তত ১২টি দেশে ‘শাখা’ খুলেছে।
মার্কিন কৌঁশুলিরা আরও জানান, শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে তামিল টাইগারদের প্রচারণা আরও জোরদার করতে কান্দাস্বামী অর্থ সংগ্রহের জন্য ২০০৪ সালে নিউইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি শ্রীলঙ্কায় তামিল টাইগার নিয়ন্ত্রিত অঞ্চলে এলটিটিই নেতা ও যুক্তরাষ্ট্রে এলটিটিই সমর্থকদের মধ্যে বৈঠকের আয়োজন করতেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল রোজলিন আর মাওস্কোপফ এক বিবৃতিতে বলেন, “এলটিটিই কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের অর্থসম্পদ ও অগ্রসর প্রযুক্তি ব্যবহার করে শ্রীলঙ্কা ও অন্যান্য জায়গায় তাদের সন্ত্রাসী তৎপরতা আরও জোরদার করছে।”
মার্কিন ম্যাজিস্ট্রেট জজ কিয়ো এ মাতসুমোতো কান্দাস্বামীকে কয়েকদিনের জন্য পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তবে এ সময়ের মধ্যে তিনি জামিন পাবেন না।
আগামী ৩০ এপ্রিল কান্দাস্বামীকে আবারওআদালতে হাজির করা হবে।
