সমাধিক্ষেত্রে অভিনেতা আর জাদুকরের প্রতিবেশী হলেন ইয়েলৎসিন
রাশিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সমাধিক্ষেত্রে প্রতিবেশী হিসেবে পেয়েছেন একজন জাদুকর, একজন ব্যালে ডান্সার, আর একজন অভিনেতাকে।
ওখানেই চিরশয়ানে আছেন লেখক আন্তন চেখভ ও সুরকার দিমিত্রি শস্তাকোভিচের মতো বিখ্যাত রুশরা। শুধু তাই নয়, কাছেই আছেন জীবদ্দশায় ইয়েলৎসিনের প্রতিদ্বন্দ্বী মিখাইল গর্বাচেভের জীবনসঙ্গী রাইসা গর্বাচেভ। আরও আছেন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ, সাবেক সোভিয়েত একনায়ক জোসেফ স্তালিনের জীবনসঙ্গী নাদেজদা আলিলুয়েভা। এছাড়াও আছেন বেশ কয়েকজন গায়ক, সুরকার ও লেখক।
সোভিয়েত যুগের অতীত থেকে দুরে সরিয়ে রাখতে ইয়েলৎসিনের সমাধিস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছিল ‘নভদেভিচিয়ে সমাধিস্থল’। এর অবস্থান প্রয়াত ক্রেমলিন নেতা লেনিন ও স্তালিনের সমাধিস্থল ‘রেড স্কয়ার’ থেকে দূরে।
ইজভেস্তিয়া পত্রিকা জানায়, ইয়েলৎসিনের পরিবার চাননি তাকে রুশ নেতা আর জেনারেলদের সঙ্গে রাখা হোক। তাই তারা মস্কো শহর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন বিনোদনকারীদের সঙ্গেই রাখা হোক বিনোদনপ্রিয় এই মানুষটিকে।
শহর কর্তৃপক্ষ ইয়েলৎসিনের পরিবারের অনুরোধ রাখেন। সাবেক প্রেসিডেন্টকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয় জাদুকর ইগর কিও আর অভিনেতা ইয়েভগেনি উর্বানস্কির পাশে, ব্যালে ডান্সার গালিনা উলানোভার সমাধির ঠিক উল্টোদিকে।
১৯৫০ ও ৬০ এর দশকে রাশিয়ার হার্টথ্রব হিসেবে পরিচিত উর্বানস্কি ‘কম্যুনিস্ট’ নামে একটি ছবি করে দারুণ জনপ্রিয়তা পান। ছবিতে তার ভূমিকা ছিল একজন নির্মাণ ব্যবস্থাপকের।
মজার ব্যাপার হলো, ইয়েলৎসিনও কম্যুনিস্ট পার্টিতে পরিচিতি পান উরাল পর্বতমালা অঞ্চলে একজন সফল সংগঠক হিসেবে।
ইজভেস্তিয়া আরও জানায়, ইয়েলৎসিনের ছোট মেয়ে তাতিয়ানার স্বামী ভ্যালেন্টিন ইয়ুমাশেভ শ্বশুরের সমাধিস্থল হিসেবে বিশেষ ওই জায়গাটি পছন্দ করেছিলেন।
বিখ্যাত রুশ নেতাদের জন্য সংরক্ষিত নভদেভিচিয়ে সমাধিক্ষেত্রটি এক সময় কেবল রাশিয়ার অভিজাত শ্রেণী ও অল্প সংখ্যক দর্শনার্থীর জন্য উন্মুক্ত ছিল। সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। ইয়েলৎসিন ১৯৮০ এর দশকে কম্যুনিস্ট দলের নেতা হওয়ার পর ওই নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকে সব শ্রেণীর মানুষ ওই সমাধিক্ষেত্রে যেতে পারতেন।
