২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিনিধি পরিষদে ইরাক ও আফগান যুদ্ধব্যয় বিল অনুমোদন

২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে যুদ্ধব্যয় সংক্রান্ত বিল অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি সত্ত্বেও বুধবার ওই বিল অনুমোদিত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2007, 12:26 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বিলটিতে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরুর শর্ত জুড়ে দিয়েছেন ডেমোক্রেট নেতারা। তবে রিপাবলিকান নেতারা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়া হবে মার্কিন সেনাবাহিনীর নেতাদের হাতে হাতকড়া পরানো এবং এতে ইরাকে মার্কিন শত্রুরাই লাভবান হবে।

প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত যুদ্ধব্যয় সংক্রান্ত বিলটির প্রথমটির মতো কঠোর নয় নতুন এ সংস্করণ। বরং এতে ডেমোক্রেটরা তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছেন। প্রথম বিলে ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। নতুন বিলে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, তবে এর সঙ্গে কোনো ধরনের বাধ্যবাধকতার শর্ত জুড়ে দেওয়া হয়নি।

ডেমোক্রেট দলের নেতৃত্বধীন প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে বিলটি অনুমোদিত হয়। এর পক্ষে-বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২১৮ ও ২০৮। ওই বিলে ইরাকের যুদ্ধব্যয় মেটাতে জরুরিভিত্তিতে ১২ হাজার ৪০০ কোটি ডলার অনুমোদন করা হয়। এর মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলার ব্যবহৃত হবে ইরাক ও আফগানিস্তানে এ বছরের যুদ্ধব্যয় মেটাতে।

বিলটি বৃহস্পতিবারই কংগ্রেসের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এরপর এটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। তবে বুশ আগেই বলেছেন, ওই বিলে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিলে তিনি তাতে ভেটো দেবেন। বুশ তার সিদ্ধান্তে অটল থাকলে এটা হবে ছয় বছরের মেয়াদে তার দ্বিতীয়বার ভেটো ক্ষমতা প্রয়োগ।

বিলটি অনুমোদনের পর প্রতিনিধি পরিষদের স্পিকার ডানা পেরিনো বলেন, “আজ রাতে প্রতিনিধি পরিষদ ইরাকে ব্যর্থতার জন্য ভোট দিয়েছে এবং প্রেসিডেন্ট এতে ভেটো দেবেন।”

এ প্রসঙ্গে ইরাক যুদ্ধ বন্ধের আহ্বানকারীদের নেতা পেনসিলভানিয়ার ডেমোক্রেট সিনেটর জন মুর্থা বলেন, ‘কাকতালীয়’ হলেও সত্য বিলটি অনুমোদনের জন্য প্রেসিডেন্ট বুশের কাছে পাঠানো হবে আগামী মঙ্গলবার, যা প্রেসিডেন্টের ওই ভাষণের চতুর্থ বষপূর্তিতে পাঠানো হচ্ছে যেদিন তিনি ‘ইরাক যুদ্ধাভিযান শেষ হয়েছে (মিশন অ্যাকমপ্লিশড)’ ব্যানার পেছনে রেখে বিদেশে একটি মার্কিন রণতরীতে ভাষণে দিয়েছিলেন।

ইরাকে মার্কিন কমান্ডাররা বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এসে মার্কিন আইনপ্রণেতাদের যুদ্ধের বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারণা দেন। হোয়াইট হাউজের ধারণা ছিল এতে ডেমোক্রেটরা নমনীয় হবেন। কিন্তু তাদের ধারণা পাল্টে দিয়ে এর কয়েক ঘণ্টা পরই প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হয়।

এ প্রসঙ্গে উইসকনসিনের ডেমোক্রেট সিনেটর ও হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ডেভিড ওবে বলেন, বিলটি প্রেসিডেন্ট বুশকে ইরাকের গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে। এ ধরনের সুযোগ আগে তিনি কখনই পাননি।”

কমিটিতে ওবের রিপাবলিকান প্রতিপক্ষ ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান জেরি লিউইস অবশ্য বলেছেন, বিলটির মাধ্যমে কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে ইরাকে তার শত্রুদের প্রতি আত্মসমর্পণের একটি বার্তা পাঠানোর।

এর আগে বুশ হোয়াইট হাউজে তার ভেটো ক্ষমতার হুমকির দিয়ে বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে জেনারেলরা কীভাবে তাদের কাজ করবে সে বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া উচিত হবে না ওয়াশিংটনের ওইসব রাজনীতিবিদদের।”

একইসঙ্গে বুশ বলেন, “আমি বিশ্বাস করি প্রত্যাহারের কৃত্রিম সময়সীমা বেঁধে দেওয়া একটি ভুল পদক্ষেপ হতে পারে।”

এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেভাদার ডেমোক্রেট হ্যারি রিড সোমবার বুশকে অভিযুক্ত করেছেন যোগাযোগহীন হয়ে পড়ার। গত সপ্তাহে রিড বলেছিলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পরাজিত’ হয়েছে।