২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত

বাগদাদের উত্তর-পূর্বের একটি পুলিশ স্টেশনের ভেতরে বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। ইরাকি পুলিশ এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2007, 05:05 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সহিংসতায় বিক্ষুব্ধ দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালাদ-রুজ পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে হামলা চালায় আত্মঘাতী হামলাকারী।

সুন্নি আরব ও শিয়া সম্প্রদায়ের মিশ্র বসতি দিয়ালা প্রদেশ ইরাকি গেরিলা এবং আল-কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মার্কিন সেনাবাহিনী সেসব গেরিলা ও জঙ্গি দমনে অভিযান চালিয়ে আসছে।

সোমবার বাকুবার কাছের একটি সামরিক ঘাঁটিতে দুটি আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহত হয় নয় মার্কিন সেনা। আহত হয় আরও ২০ জন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর ইরাকে মার্কিন সেনাবাহিনীর উপর হানা ভয়াবহ হামলাগুলোর অন্যতম ছিল সোমবারের ওই হামলা।

এদিকে বাকুবার পার্শ্ববর্তী একটি এলাকায় মঙ্গলবার ইরাকি সেনাবাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা গুলি করে ছয় জনকে হত্যা করেছে। ওই ঘটনায় আহত হয় আরও ১৫ জন।

ইরাকে সর্বাত্মক গৃহযুদ্ধ ঠেকানের লক্ষ্যে একটি নিরপত্তা অভিযানের অংশ হিসেবে গত ফেব্রুয়ারি থেকে বাগদাদে মোতায়েন আছে হাজার হাজার মার্কিন ও ইরাকি সেনা। ধারণা করা হচ্ছে, রাজধানীর এ অভিযান ইরাকি গেরিলাদের উদ্বুদ্ধ করেছে রাজধানীর বাইরের প্রদেশগুলোতে বেশি করে হামলা চালাতে।