২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে প্রাচীর নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরাকি প্রধানমন্ত্রীর বিরোধ

বাগদাদের একটি সুন্নি অধ্যুষিত অঞ্চলকে ঘিরে বিতর্কিত প্রাচীর নির্মাণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরাকি প্রধানমন্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল উইলিয়াম ফ্যালন মঙ্গলবার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2007, 01:41 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি রোববার বলেন, আদামিয়া’র সুন্নি অধিবাসীদের এলাকাকে ঘিরে ১২ ফুট উঁচু প্রাচীরের নির্মাণ কাজ বন্ধের জন্য মার্কিন সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন। সেখানে বোমা হামলা ঠেকানোর লক্ষ্যে মার্কিন সেনাবাহিনীর নতুন এক কৌশলের অংশ এ প্রাচীর নির্মাণ।

ইরাকি সরকার ও যুক্তরাষ্ট্রের এ বিরোধী অবস্থান প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে দেওয়া ফ্যালনের বক্তব্যের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তাসংস্থা ডাব্লিউএএম জানায়, তাদের মধ্যে মতবিরোধ হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “ইরাকি রাজধানীর কয়েকটি এলাকায় অনেকগুলো গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে কংক্রিটের প্রাচীরের কাছে। এতে সত্যিকার অর্থেই কয়েক দফা সম্ভাব্য ভয়াবহ বোমা হামলার প্রচেষ্টা নস্যাৎ হয়েছে, অসংখ্য নিস্পাপ ইরাকির জীবন রক্ষা পেয়েছে।”

মার্কিন সেনাবাহিনী বাগদাদের কিছু সংঘাতপ্রবণ এলাকাকে ঘিরে কংক্রিটের প্রাচীর নির্মাণ শুরু করেছে। কিন্তু তাদের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইরাকের কিছু সুন্নি ও শিয়া রাজনৈতিক দল।

এদিকে ক্রমবর্ধমান জাতিগত সহিংসতা বন্ধের একটি প্রচেষ্টা হিসেবে বাগদাদে মোতায়েন রয়েছে হাজার হাজার মার্কিন ও ইরাকি সেনা। এসব সহিংসতায় গত বছর প্রাণহানি হয়েছে কয়েক হাজার ইরাকির।