২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যই এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ বলেছেন, মধ্যপ্রাচ্যের সঙ্কট এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ইরাকে এখনও অনেক কিছু করা বাকি এবং তা শুধু ওই দেশের জন্যই নয় বরং পুরো অঞ্চলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব গ্রহণ করে নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইরাকে যুক্তরাষ্টের সাবেক রাষ্ট্রদূত খলিলজাদ সোমবার জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। নিরাপত্তা পরিষদে তার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, “আমার দৃষ্টিতে বৃহত্তর মধ্যপ্রাচ্যের ভবিষ্যত আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক যেমনভাবে ইউরোপ দীর্ঘদিন ধরে বিশ্বের নিরাপত্তা সমস্যার কেন্দ্রে ছিল।”

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমস্যা সম্পর্কে খলিলজাদ বলেন, “দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে বর্তমান সময়ের বিশ্ব নিরাপত্তা সমস্যার অনেকগুলোই উদ্ভব হয়েছে এ অঞ্চল থেকে।”

তিনি বলেন, ইরাকে এখনও অনেক কিছুই করার আছে এবং তা কেবল ওই দেশের জন্যই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ডিসেম্বরে জাতিসংঘ রাষ্ট্রদূত হিসেবে জন বোল্টনের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় সিনেটের অনুমোদন লাভে ব্যর্থ হন তিনি। তার স্থলাভিষিক্ত হন আফগানিস্তান ও ইরাক যুদ্ধের প্রতক্ষ্য অভিজ্ঞতা সম্পন্ন জালমে খলিলজাদ। দেশ দুটোতে রাষ্ট্রদূত হিসেবে খলিলজাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূলত মধ্যপ্রাচ্যে কৌশলগত যুদ্ধ জয়ের চেষ্টা চালাবে মার্কিনিরা।

তার নতুন দায়িত্ব সম্পর্কে খলিলজাদ বলেন, “আমি জানি যে জাতিসংঘ খুবই কার্যকর এবং ইতিবাচক একটি শক্তি হিসেবে কাজ করতে পারে। আমি আফগানিস্তান ও ইরাকে মাঠে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এসেছি। অন্যদের সঙ্গে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আছে। জাতিসংঘের সঙ্গে কাজ করার মাধ্যমে অনেক ইতিবাচক বিষয় অর্জন করা সম্ভব।”

তবে খলিলজাদ একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সবার কথা শুনবেন, তাদের প্রতি সম্মান দেখাবেন এবং অবশ্যই যুক্তরাষ্টের স্বার্থরক্ষার জন্যই সচেষ্ট থাকবেন।