ইয়েলৎসিনের শেষকৃত্য উপলক্ষে জাতীয় শোক দিবস রাশিয়ায়
রাষ্ট্রীয় মর্যাদায় ইয়েলৎসিনের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে বুধবার। সোভিয়েত ইউনিয়নের ভাঙন ও এর প্রথম বছরে স্বতন্ত্র দেশ হিসেবে রাশিয়াকে বিপর্যন্ত করে রাখার জন্য দায়ি ইয়েলৎসিনের জন্য রাষ্ট্রীয় শোক দিবসও পালন করা হচ্ছে সেখানে।
সোভিয়েত যুগের অতীত থেকে দুরে সরিয়ে রাখতে ইয়েলৎসিনের সমাধিস্থল হিসাবে বেছে নেয়া হয়েছে ‘নভদেভিচিয়ে সমাধিস্থল’। এর অবস্থান প্রয়াত ক্রেমলিন নেতা লেনিন ও স্তালিনের সমাধিস্থল ‘রেড স্কয়ার’ থেকে দূরে। এই সমাধিস্থলটি বিখ্যাত রুশ নেতাদের জন্য সংরক্ষিত। তবে এখানে কেবলমাত্র সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের সমাধি রয়েছে। ওখানে অবশ্য চিরশয়ানে আছেন লেখন আন্তন চেখভ ও সুরকার দিমিত্রি শস্তাকোভিচের মতো বিখ্যাত রুশরা। বুধবার শেষকৃত্যের পর ইয়েলৎসিন এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন।
সোমবার ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইয়েলিৎসিন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যোগ দিচ্ছেন ইয়েলৎসিনের শেষকৃত্যে। যোগ দিচ্ছেন বিশ্বের প্রায় এক ডজন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় সময় অনুযায়ী দুপুরে (গ্রিনিচ মান সময় অনুযায়ী ৮টা) মস্কোর ‘খ্রাইস্ট দি স্যাভিয়র’ ক্যাথেড্রালে ইয়েলৎসিনের শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা। জোসেফ স্তালিনের শাসনামলে ধ্বংস করে দেওয়া ওই গির্জাটি ইয়েলেৎসিন পুনর্নির্মাণ করেছিলেন রাশিয়ার পুনর্জন্মের প্রতীক হিসেবে।
মঙ্গলবার রাতে ওই গির্জায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে শত শত রুশ নাগরিক। লম্বা লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানায় প্রয়াত এই নেতাকে। রাশিয়ার জাতীয় পতাকা ওড়ানো একটি কালো লিমোজিন গাড়িতে করে ইয়েলৎসিনের কফিন নিয়ে আসা হয় ওই গির্জায়। গাড়িটি সচরাচর প্রেসিডেন্ট পুতিনই ব্যবহার করে থাকেন। তবে গাড়ি থেকে কফিন নামানোর সময় পুতিনকে দেখা যায়নি। পুরো সাজে সজ্জিত রুশ সেনাদের পাহারার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কফিন গির্জায় নেওয়া হয়।
সাবেক প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানাতে ডিক্রি জারি করে বুধবার সারা দেশে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়া, টেলিভেশনে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার বন্ধ রাখা হয়েছে।
সমাজতন্ত্রের কবর রচনা করে পুঁজিবাদের ধ্বজাধারী পশ্চিমা ধাঁচের রাশিয়ার অভ্যুদয় ঘটিয়েছিলেন ইয়েলৎসিন। তার উত্থান ও ক্ষমতারোহণ ছিল অত্যন্ত নাটকীয়। ১৯৯১ সালের আগস্টে তিনি প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের গ্লাসনস্ত ও পেরোস্ত্রোইকা যুগের অবসান ঘটানোতে পরিচালিত অভ্যুত্থান প্রতিহত করার নেতৃত্ব দেন। ওই সময় গর্ভাচেভকে জিম্মি করে ফেলেন কিছু কট্টরপন্থী। ক্রেমলিনের সামনে সমবেত জনতাকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে এরপর নিজেই একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে বক্তৃতা করতে শুরু করেন ইয়েলৎসিন।
এর ঠিক চার মাস পরেই বেলারুশের একটি বাংলোতে বসে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার চুক্তিতে সই করেছিলেন ইয়েলৎসিন। সে সময় তিনি ও তার সহস্বাক্ষরকারীরা মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ফোন করে বিষয়টি জানানোর পরই ক্রেমলিনে গর্ভাচেভকে সংবাদটি দিয়েছিলেন।
ইয়েলৎসিনের আট বছরের শাসনামল রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক দুর্দশা, চেচনিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে বিপর্যয়কর যুদ্ধ আর তার মদ্যপ আচরণের সাক্ষী। তার অর্থনৈতিক ‘শক থেরাপি’ লাখ লাখ মানুষকে নিঃস্ব করেছে, সরকারি কর্মকর্তারা নামমাত্র মূল্যে ব্যবসায়িদের হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ।
ইয়েলৎসিনের অনুসারী হিসেবে রাশিয়ার কর্তৃত্ব হাতে নেন পুতিন। কিন্তু ইয়েলৎসিনের নেওয়া অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ফলে রাশিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা থেকে পরিত্রাণের জন্যই সেখান থেকে সরে এসেছিলেন পুতিন। পরিবর্তে দেশের রাজনীতি, অর্থনীতি ও গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কঠোর করেন তিনি।
রুশ নাগরিকদের অনেকের মতে, গণতন্ত্র দেশটিতে নৈরাশ্যের জন্ম দিয়েছে। ইয়েলৎসিন আক্ষরিক অর্থেই ছিলেন মাতাল স্বভাবের। পাশাপাশি রাজনীতিতে তার উন্মত্ত আচরণকে মানানসই হিসেবেই দেখেছে গোটা বিশ্ব।
