ভিয়েতনাম যুদ্ধখ্যাত সাংবাদিক ডেভিড হ্যালবার্সটামের মৃত্যু
ভিয়েতনাম যুদ্ধের প্রতিবেদক হিসেবে খ্যাত মার্কিন সাংবাদিক, লেখক ডেভিড হ্যালবার্সটাম সোমবার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম আগ্রাসনের সময় নিউইয়র্ক টাইমসে লেখা তার প্রতিবেদনগুলো মার্কিন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছিল। সেইসঙ্গে ভিয়েতনামের প্রকৃত অবস্থা তুলে ধরেছিল সারা বিশ্বের কাছে।
উত্তর ক্যালিফোর্নিয়ায় তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গত সোমবার ওই দুর্ঘটনা ঘটে। ৭৩ বছর বয়সী হ্যালবার্সটাম ঘটনাস্থলেই মারা যান। এসময় সাংবাদিকতা বিভাগের তার এক ছাত্র গাড়িটি চালাচ্ছিল। মেনলো পার্ক পুলিশ বিভাগের কর্মকর্তা ক্রিস্টিন গ্যাম্বল একথা জানান।
গত শতকের পঞ্চাশের দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন দিয়ে তার সাংবাদিক জীবন শুরু করেন হ্যালবার্সটাম। এ সময় তিনি কাজ করতেন ন্যাশভিলের একটি স্থানীয় সংবাদপত্রে। সেখানে সাফল্যের পরপরই তিনি চলে আসেন নিউইয়র্ক টাইমসে। যুদ্ধের খবর সংগ্রহে ভিয়েতনামে পাঠানো হয় তাকে।
ষাটের দশকের শুরুতে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন, যুদ্ধবিরোধী ভিক্ষোভের উত্তাল দিনগুলোতে নিউইয়র্ক টাইমসে ছাপানো তার ক্ষুরধার লেখাগুলো ভীষণ আলোড়িত করে মানুষকে। ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হতে থাকে। তাকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য প্রবল চাপ প্রয়োগ করে তখনকার মার্কিন প্রেসিডেন্ট কেনেডির প্রশাসন।
যুদ্ধের ময়দানে থেকে তার সাহসী সাংবাদিকতা আর বুদ্ধিদীপ্ত সমালোচনা ক্ষুরধার লেখনীর জন্য মাত্র ৩০ বছর বয়সে পুলিৎজার পুরস্কার পান তিনি।
ভিয়েতনাম যুদ্ধের পরও নিজের সাহসী ভূমিকা ধরে রেখেছিলেন হ্যালবার্সটাম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর সেখানে সামরিক উপস্থিতির বিষয়টিকে ভিয়েতনাম যুদ্ধের অবস্থার সঙ্গে তুলনা করে বিবৃতি দিয়েছিলেন তিনি।
ভিয়েতনাম যুদ্ধ নিয়ে ১৯৬৫ সালে লেখা তার বই ‘দি মেকিং অফ এ কোয়াগমায়ার’ দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে যুক্তরাষ্ট্রের ‘সখাত সলিল’র কাহিনীকে বিশদভাবে তুলে ধরা হয়েছে। বইটি এতোটাই বিখ্যাত হয় যে অত্যন্ত ঝুকিপূর্ণ ও কঠিন সামরিক পরিস্থিতি বোঝাতে ‘কোয়াগমায়ার’ শব্দটিই ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। ১৯৭২ সালে তিনি লেখেন ‘দি বেস্ট অ্যান্ড দি ব্রাইটেস্ট’। এ বইটিও ভিয়েতনামের অজেয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার কাহিনী।
এছাড়াও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি লিখেছেন ‘দি পাওয়ার্স দ্যাট বি’ এবং নাগরিক অধিকার আন্দোলন নিয়ে লিখেছেন ‘দি চিলড্রেন’। শেষদিকে এসে তার আগ্রহের বিষয় খেলাধূলা নিয়ে অনেক বই লিখেছেন তিনি।
হ্যালবার্সটাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা বিভাগে শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। নিউইয়র্কের বাসিন্দা হ্যালবার্সটাম মৃত্যুর দুদিন আগেও বাসায় বসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি ‘ওয়েব লেকচার’ দেন। তার এ শেষ বক্তৃতার বিষয় ছিল ‘অতীতের পুনর্গঠন : ইতিহাস ও সাংবাদিকতার সম্মিলন’।
