২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়োটো প্রটোকল পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বুশের সঙ্গে কথা বলবেন আবে

যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল পরবর্তী একটি কর্মপরিকল্পনায় সহযোগিতা করতে পারবে বলে আশাবাদী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আর বিষয়টি নিয়ে আবে এ সপ্তাহের শেষদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে সাক্ষাতে আলোচনা করতে চান। সোমবার এ কথা বলেছেন জাপানি নেতা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 12:36 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এর আগে জাপানের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আবের দুই দিনের যুক্তরাষ্ট্র সফরকালে দুই নেতা যখন সাক্ষাৎ করবেন তখন তাদের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন এবং পরমাণু জ্বালানির বিষয়ও থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের প্রতি ইঙ্গিত করে এক টেলিভিশন সাক্ষাৎকারে আবে বলেন, “একটি জোট একটি বিশ্বাসের সম্পর্ক। ঘরে-বাইরে সর্বত্রই দেখাতে হয় যে এ বিশ্বাস মজবুত করা হয়েছে জাপানের জাতীয় স্বার্থেই।”

আবে আরও বলেন, “আমি মনে করি, একটি নতুন কর্মপরিকল্পনার আওতায় পরিবেশের বিষয়ে সহযোগিতা করার মতো কিছু উপায় যুক্তরাষ্ট্রের জন্য বের হলে তা হবে একটি বিরাট সাফল্য।”

গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস করতে ২০০১ সালে স্বাক্ষরিত কিয়োটো প্রটোকলে স্বাক্ষর না করার জন্য যুক্তরাষ্ট্র সমালোচিত হয়ে আসছে। আর জাপানের কর্মকর্তারা বলছেন, ২০১২ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার পরিবর্তে নতুন কর্মপরিকল্পনায় যাই থাকুক না কেন, যুক্তরাষ্ট্র উচিত হবে তাতে অংশ নেওয়া।

দি ইয়োমিউরি পত্রিকা শনিবার জানিয়েছে, সম্মেলনে পরমাণু জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করার বিষয়ে এবং বৈষ্ণিক উষ্ণতা মোকাবেলার পদক্ষেপগুলোতে একমত হবে জাপান ও যুক্তরাষ্ট্র।

পত্রিকাটি জানায়, চুক্তি অনুসারে দুই দেশ একটি আধুনিক প্রযুক্তি উন্নয়নে একসঙ্গে কাজ করবে, যে প্রযুক্তিতে পরমাণু জ্বালানিকে এমনভাবে পুনরুৎপাদন করা হবে যাতে আর তা অস্ত্র হিসেবে ব্যবহার করা না যায়।