২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল আল-কায়েদা

বাগদাদের উত্তরে একটি সামরিক ঘাঁটিতে সোমবার আত্মঘাতী গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে ইরাকে আল কায়েদা সংশ্লিষ্ট একটি গ্রুপ। ওই হামলায় ৯ মার্কিন সেনা নিহত হয়। মার্কিন সেনাদের বিরুদ্ধে এদিন এটাই ছিলো সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 10:58 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, উত্তরের সংঘাতমুখর দিয়ালা প্রদেশে ওই হামলায় ২০ সেনা ও এক ইরাকি অসামরিক ব্যক্তি আহত হয়। এদের মধ্যে ১৫ সেনা সামান্য আহত হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর শিগগিরই কাজে ফিরে আসবে বলে বিবৃতিতে বলা হয়।

এ নিয়ে এ মাসে ইরাকে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো ৮৫। এর আগে গত ডিসেম্বরে ১১২ মার্কিন সেনা নিহত হয়েছিল। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন হাজার ৩০০ এরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।

এছাড়া মঙ্গলবার ভোরের আগে বাগদাদের আশেপাশে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এগুলো মর্টার কিংবা কামানের গোলার আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে ওই সময় মার্কিন সেনারা কোনো অভিযান চালাচ্ছিল কিনা এক সেনা মুখপাত্র তা জানাতে পারেননি।

ইরাকে জাতিগত সহিংসতা যাতে সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ না নেয় সে জন্য দুমাস আগে মার্কিন ও ইরাকি বাহিনী বাগাদদে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে।