২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্তির কারণ জানাবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তালিকায় সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত সংগঠন এবং ব্যক্তিদের জানানো হবে, কেন তাদের এ তালিকায় রাখা হয়েছে। লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইইউ বর্তমানে ২৯টি সংগঠন এবং ৩০ জন ব্যক্তিকে তাদের সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কালো তালিকাভুক্তির অর্থ হলো, এ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে ইইউ এবং এদের অর্থ ও সম্পদ জব্দ করতে পারবে তারা।

এ তালিকার মধ্যে রয়েছে ফিলিস্তিনের হামাস, শ্রীলংকার তামিল টাইগার (এলটিটিই) ও কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)।

সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত কোনো ব্যাক্তি বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে যাতে আদালতের বাধার মুখে পড়তে না হয় সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ফ্রান্সভিত্তিক ইরানি সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ রেজিট্যান্স অফ ইরানের সশস্ত্র শাখা ‘দি পিপলস মুজাহিদীন’র তহবিল জব্দ করার পর ইইউকে এর কারণ ব্যাখ্যা করতে বলে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালত। সংগঠনটির জন্য সুষ্ঠু শুনানি নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত কারণ জানাতে বলা হয় তাদেরকে।

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার কারণ এবং কোন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেসব জানানো হবে তালিকাভুক্তদের। একটি বার্তা পাঠিয়ে ওইসব ব্যক্তি ও সংগঠনকে তা জানানো হবে।