২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে সাহায্য সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ

ক্রমবর্ধমান সহিংসতার কারণে সুদানের সমস্যাসঙ্কুল দারফুরের উম দুখুম শহরে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করেছে কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা। সংস্থাগুলোর মধ্যে রয়েছে ‘ব্রিটিশ গ্রুপ অক্সফাম’, ‘সেভ দ্য চিলড্রেন’ ‘স্পেন’ এবং ‘মারসি করপোরেশনস’। সাহায্য সংস্থাগুলো সোমবার একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সংস্থাগুলো বলেছে, এ সিদ্ধান্তের ফলে সাদ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সীমান্তবর্তী এলাকার প্রায় এক লাখ লোক ত্রাণ বঞ্চিত হবে।

তারা বলছে, গত তিন সপ্তাহে দারফুরে তাদের ওপর হামলা বেড়েছে। এক বিবৃতিতে সংস্থাগুলো জানিয়েছে, এক ঘটনায় শহরের বাইরে দিয়ে যাওয়ার সময় ত্রাণসামগ্রীবাহী একটি গাড়ি হামলার শিকার হয়। হামলাকারীরা গাড়িটিতে গুলি চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়।

অপর এক ঘটনায় সাহায্য সংস্থার এক নিরাপত্তারক্ষী ব্যাপক মার-পিটের শিকার হন এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

‘অক্সফাম’ এবং ‘সেভ দ্য চিলড্রেন’ এক যৌথ বিবৃতিতে বলেছে, “সাহায্যের প্রয়োজন এমন মানুষের সাহায্যসেবা সাময়িকভাবে বন্ধ করার জন্য আমরা দু:খিত। তবে মানবিক কাজে নিয়োজিত শ্রমিকদের ওপরও হামলা মেনে নেয়া যায় না। তা সহ্যও করা যায় না।”

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় কাজ করার জন্য সাহায্য শ্রমিকদের ছোট একটি দল সেখানে থাকবেন।

উম দুখুম শহর ও তার আশপাশের গ্রাম এলাকায় কর্তব্যরত সাহায্য সংস্থাগুলো বাস্তুচ্যুত দারফুরবাসী এবং সহিংসতার পরিপ্রেক্ষিতে সাদ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পলায়নপর শরণার্থীদের সাহায্য করছে।

জাতিসংঘ বলছে, ২০০৩ সালে সংঘর্ষ শুরুর পর দারফুরে প্রাণহানি হয়েছে প্রায় ২ লাখ লোকের। ওই সময় খার্তুম সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে অস্ত্র হাতে তুলে নেয় বিদ্রোহীরা।