২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা ছাড়া নেপালের এক বছর

রাজতন্ত্র পতনের এক বছরপূর্তিতে উৎসব করছে নেপাল। ২৪ এপ্রিল রাজা জ্ঞানেন্দ্রের নিরঙ্কুশ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর এক বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সোমবার থেকে তিন দিনব্যাপী উৎসব পালন করছে নেপালিরা। এ এক বছরের অর্জন অনেক হলেও গণতন্ত্রের পথে নেপালের যাত্রা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ভবিষ্যতের শঙ্কা যতোই থাকুক, এ অর্জনকে ম্লান হতে দিতে চান না নেপালিরা। রাজতন্ত্রের বিরুদ্ধে এ বিজয়কে স্মরণীয় করে রাখতে সবার বাড়ি বাড়ি আলোক শিখা জ্বেলে রেখে দিনটি পালনের আহ্বান জানিয়েছে সরকার। এ উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনসহ অন্যান্য প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করবে।

“শান্তি প্রক্রিয়া বাস্তবায়ন অবশ্যই অনেক বড় অর্জন। কিন্তু মাওবাদীরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন কীভাবে এর সমাপ্তি টানবে তা দেখার জন্যই অপেক্ষা করে আছে নেপালের জনগণ।” নেপালের জনপ্রিয় সাময়িকী ‘সময়’ সম্পাদক যুবরাজ ঘিমিরি এভাবেই প্রতিক্রিয়া জানালেন রাজার পতনের এক বছর পূর্তি পালন সম্পর্কে। অন্য অনেক নেপালিও যুবরাজের মতো এমনটাই মনে করেন।

এক দশকেরও বেশি সময় ধরে মাওবাদীদের রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামসহ নানা সংঘাত সংঘর্ষের পথ পেরিয়ে প্রায় ১৩ হাজার প্রাণের বিনিময়ে নেপাল রাজতন্ত্রমুক্ত হয়েছে। অন্যান্য প্রধান রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মাওবাদীদের শান্তিচুক্তি হয়েছে। চুক্তি অনুসারে একটি অন্তর্বর্তী পার্লামেন্ট এবং সরকারেও যোগ দিয়েছে মাওবাদীরা।

কিন্তু রাজতন্ত্র থেকে স্থায়ীভাবে মুক্তির জন্য শক্তিশালী গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা তাকে ঘিরেই শুরু হয়েছে অনিশ্চয়তা। মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি অনুযায়ী জুন মাসেই ওই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু দক্ষিণাঞ্চলে মাধেসিদের আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে রাজনীতি আবারও অস্থিতিশীল হয়ে হঠে।

এখন পরিস্থিতি আপাতত শান্ত হলেও দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠ নির্বাচনের জন্য আরও সময় প্রয়োজন। যতো শিগগির সম্ভব নির্বাচনের জন্য এর মধ্যেই সরকারকে চাপ দিতে শুরু করেছে মাওবাদীরা। দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে আবারও রাজপথের আন্দোলনে ফিরে যাওয়ারও হুমকি দিয়েছে মাওবাদীরা।

একদিকে নতুন সংবিধান প্রবর্তনের লক্ষ্যে পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং মাওবাদীদের সঙ্গে সরকারের প্রধান শরিকদের দ্বন্দ্ব, আরেক দিকে স্বায়ত্ত্বশাসনের দাবিতে পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করছে মাধেসিরা। নেপালের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত তেরাই সমভূমির মাধেসি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ঘিরে সাম্প্রতিক আন্দোলন জন্ম দিয়েছে অনেক নতুন জিজ্ঞাসার।

ফলে একটি নির্বাচন আর নতুন সংবিধান আসলেই দেশটির ভাগ্য পরিবর্তন হবে কিনা সে প্রশ্ন এখন নেপালিদের সামনে।