২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদ প্রাচীর নির্মাণ বন্ধের অনুরোধ মালিকির

বাগদাদের সুন্নি অধুষ্যিত এলাকাগুলোকে পার্শ্ববর্তী শিয়া এলাকা থেকে আলাদা করতে বাগদাদে প্রাচীর নির্মাণ বন্ধের জন্য মার্কিন বাহিনীকে অনুরোধ জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি। অধিবাসীদের তীব্র সমালোচনার মুখে মালিকি রোববার এ অনুরোধ জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সংঘাতপ্রবণ প্রতিবেশী এলাকগুলোকে আলাদা করে ফেলার নতুন কৌশল হিসেবে আধামিয়া জেলার চারপাশে সিমেন্টেটর প্রাচীর নির্মাণ শুরু করে মার্কিন বাহিনী। ইরাকের সংঘাগুরু শিয়া ও সংখ্যালঘু সুন্নি আরবদের মধ্যে গৃহযুদ্ধ ঠেকানের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাজধানী বাগদাদে যে নিরাপত্তা অভিযান চলছে তার আওতায়ই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন সেনারা।

রোববার বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে ১৮ জন। এছাড়া, উত্তরাঞ্চলীয় মসুলে একটি মিনিবাস থেকে নামিয়ে আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের ২৩ শ্রমিককে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। ধারণা করা হচ্ছে, প্রতিশোধমূলক হামলা ছিল এটি।

ইরাকের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে আরব দেশে সফরের শুরুতে কায়রোয় মালিকি বলেন, পাঁচ কিলোমিটার দীর্ঘ ওই প্রাচীর নির্মাণ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় অধিবাসীরা বলছেন, প্রাচীরের কারণে অন্য সম্প্রদায় থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনাও বাড়বে।

প্রাচীর নির্মাণ সম্পর্কে মালিকি বলেন, ‘আমি গতকাল বলেছি, এর নির্মাণকাজ বন্ধ করতে হবে। আর প্রাচীরের পরিবর্তে অন্য কী বিকল্প পনরায় এলাকাটির সুরক্ষিত রাখা যায় তাও খুঁজে দেখতে হবে।’

তিনি আরও বলেন, “এ প্রাচীর নির্মিত হলে তাতে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তা ভেবে আমি আতঙ্কিত।”

আধামিয়ার অধিবাসীরা প্রাচীরটিকে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় নির্মিত ইসরায়েলের প্রাচীরগুলোর সঙ্গে তুলনা করছেন।

এদিকে, মালিকি ও বাগদাদ পরিকল্পনায় জড়িত মার্কিন কমান্ডারদের মধ্যে কোনো মতভেদ হয়নি বলে রোববার জানিয়েছে মার্কিন বাহিনী। তারা বলেছে, নিরাপত্তা পদক্ষেপগুলো কীভাবে আরো ভালভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে তারা ইরাক সরকার ও কমান্ডারদের সঙ্গে সমন্বয় সাধনের পথে এগুবেন।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলেছে, “ইরাকি সরকার এবং এমএনএফ-আই (মাল্টিন্যাশনাল ফোর্স-ইরাক) ইরাকের জনগণকে রক্ষা করার ব্যাপারে একমত। তবে কীভাবে তা করা যায় সেটি নিয়ে আলোচনা হয়ে আসছে এবং আমরা আলোচনা চালিয়ে যাব।”