তুরস্কে ২৫ এপ্রিল লারিজানি-সোলানা সংলাপ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ২৫ এপ্রিল তুরস্কে আলোচনায় বসবে বলে জানিয়েছে তেহরানের ফারস বার্তাসংস্থা।
অজ্ঞাত পরিচয় এক ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে ফারস জানায়, “ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা এবং ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানি ২৫ এপ্রিল তুরস্কে বৈঠকে বসতে রাজি হয়েছেন।”
তিনি আরও জানান, তুর্কি প্রধানমন্ত্রী তায়িপ এর্দোগান এ ব্যাপারে গত কয়েকদিন লারিজানি ও সোলানার সঙ্গে কথা বলেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর দুদফা নিষেধাজ্ঞা আরোপের পর এটাই হবে লারিজানি ও সোলানার মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে প্রথম আলোচনা।
সোলানার সঙ্গে লারিজানির কথপোকথন তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সঙ্কট সমাধানে ভূমিকা রাখবে বলে ইরান রোববার আশা প্রকাশ করে। তবে দেশটি আবারও জানায়, আন্তর্জাতিক চাপে তারা নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না।
