২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হচ্ছেন সারকোসি, রয়েল

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় গৃহীত ভোটের ফলাফল অনুযায়ী ডানপন্থী নিকোলাস সারকোসি সমাজতন্ত্রী সিগোলেন রয়েলের চেয়ে এগিয়ে আছেন। দুজনের মধ্যে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা হবে ৬ মে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 12:40 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

প্রায় সব ভোট গণনার পর দেখা যায়, সারকোসি ৩১ দশমিক এক শতাংশ এবং রয়েল ২৫ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে মানুষের ভিড়ে দেশটিতে ডান-বামের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন ঘটে। তবে গত নির্বাচনে উগ্র ডানপন্থী নেতা জাঁ-মারি ল্য পেন নির্বাচনে দ্বিতীয় স্থান পাওয়ার মতো অভূতপূর্ব ঘটনা ইউরোপকে দারুণ নাড়া দিয়েছিল।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর চারটি মতামত জরিপে ভোটাররা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারকোসির প্রতিই সমর্থন জানিয়েছেন। এর ফলে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া নিয়ে রয়েলের স্বপ্ন অপূর্ণ থেকে যেতে পারে।

তবে প্রথম দফায় এগিয়ে থাকলেই যে তিনি দ্বিতীয় দফায় নির্বাচিত হবেন তার কোনো নিশ্চয়তা নেই। যেমন, গত পাঁচটি নির্বাচনের মধ্যে ১৯৭৪ ও ১৯৯৫ সালের নির্বাচনে প্রথম দফায় পিছিয়ে থাকা প্রার্থী দ্বিতীয় দফায় এসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

প্রাথমিক ফল ঘোষণার পরপরই দুই প্রতিদ্বন্দ্বী নিজ নিজ নির্বাচনী প্রতিশ্রুতির অতিরিক্ত প্রতিশ্রুতির দেওয়ার দিকে মনোযোগ দেন। উভয়ই নতুন করে নির্বাচনী প্রচারণা শুরু করেন ফ্রান্সের অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়ে।

রোববার রাতে দলের প্রধান কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে রয়েল বলেন, “আজ থেকে আমি শুধু সমাজতন্ত্রী সমর্থকদেরই নেতা নই, প্রতিটি বামপন্থী, পরিবেশবাদী, এমনকি এর বাইরের লোকজনের কথাও ভাবতে হচ্ছে আমাকে।”

অন্যদিকে কর্তৃত্ববাদী কট্টরপন্থী হিসেবে নিজের ভাবমূর্তিকে নমনীয় করার চেষ্টায় আছেন সারকোসি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি ‘বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার’ ভিত্তিতে ফ্রান্সকে ঐক্যবদ্ধ করতে চান।

“আমি এমন এক ফ্রান্সের স্বপ্ন দেখি যা কাউকেই অবহেলা করবে না। এ দেশটি হবে একটি পরিবারের মতো যেখানে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্ভাগা, সবচেয়ে ভেঙে পড়া মানুষটিও সবচেয়ে শক্তিমান মানুষটির মতোই ভালোবাসা, সম্মান পাবেন।”

নির্বাচনের প্রথম ধাপে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফ্রাঙ্কোস বেরু সাড়ে ১৮ শতাংশ এবং ল্য পেন সাড়ে ১০ শতাংশ ভোট পেয়েছেন।