২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় পুনর্নির্বাচন দাবি, ষড়যন্ত্রের আলামত পাচ্ছে সরকার

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তা বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন পর্যবেক্ষকরা। নাইজেরিয়ার সবচেয়ে বড় নির্বাচন পর্যবেক্ষক গ্রুপ রোববার এ দাবি তুলেছে। এদিকে, সরকার অভ্যুত্থান ষড়যন্ত্রের আলামত পাচ্ছে বলে জানিয়েছে। নির্বাচন বাতিল করতেই এই ষড়যন্ত্র চলছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

‘ট্রানজিশন মনিটরিং গ্রুপ’ এর চেয়ারম্যান ইনোসেন্ট চুকউয়ামা রয়টার্সকে বলেন, “আবারও নির্বাচন দেওয়ার কথা বলার জন্য আমরা যাচ্ছি। নতুন প্রেসিডেন্ট ঘোষণার জন্য নির্বাচনের অর্ধেক ফল ব্যবহার হতে পারে না।”

চুকউয়ামা বলেন, “শনিবারের ভোটের জন্য প্রস্তুত ছিল না সরকারি নির্বাচন কমিশন। দেশের অনেক স্থানেই নির্বাচন নির্ধারিত সময়ে শুরু বা আদৌ শুরু হয়নি।”

শনিবারের নির্বাচন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। সহিংসতার পাশাপাশি নির্বাচনের সময় ব্যালট বাক্স ও ভোটার তালিকায় বড় ধরনের অনিয়ম দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন তারা।

কিন্তু সরকার বলছে, অভ্যুত্থান পরিকল্পনাকারিরা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির লক্ষ্যে নির্বাচন ব্যর্থ করার চেষ্টায় নেমেছে। নির্বাচনী কেন্দ্রগুলো বোমা মেরে উড়াতে না পেরেই তারা এখন এ চেষ্টায় নেমেছে।

উল্লেখ্য, শনিবার নির্বাচনী সদরদপ্তরে একটি পেট্রোল ট্যাংকার এসে থামে। কিন্তু ট্যাংকারটি বিস্ফোরিত হয়নি।

ভোট গ্রহণের শেষ সময় বিকাল পাঁচটা পর্যন্তও কিছু ভোট কেন্দ্র শনিবার খোলেনি।

এদিকে, রোববার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতোর ভোট গণনা করে দেখা গেছে, প্রাথমিক ফলাফলে সেখানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

প্রায় তিন দশকের ধারাবাহিক সেনা শাসনের পর ১৯৯৯ সালে গণতন্ত্র ফিরে আসে আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায়। আর এ নির্বাচনের প্রক্কালে আশা করা হচ্ছিল যে ১৯৬০ সালের পর এবারের নির্বাচনের মাধ্যমেই নাইজেরিয়ায় প্রথমবারের মতো একজন নির্বাচিত প্রেসিডেন্ট অপর একজন নির্বাচিত প্রেসিডেন্টের হাতে মক্ষমতা হস্তান্তরে সক্ষম হবেন।