৩২ জনকে হত্যার নায়ক চো-কেও স্মরণ করল ভার্জিনিয়া টেক
হত্যার শিকার হওয়া ৩২ জনের পাশাপাশি হত্যাকারী চো সেয়াং হুইকেও স্মরণ করে শেষশ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ২৭ জন ছাত্র ও পাঁচ শিক্ষককে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরকে হত্যার পর আত্মহননকারী চো-এর সমাধিতেও ফুল দিয়েছে শোকার্তরা।
নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শেষকৃত্যানুষ্ঠানে এমন বিরল দৃশই দেখা গেছে শনিবার। চো এর সমাধিতে ফুল এবং চিরকুট দিয়ে তার প্রতিও দুঃখ ও সমবেদনা প্রকাশ করে ছাত্র-ছাত্রীরা।
চো’ এর সমাধিতে দেয়া ফুলগুলোর সঙ্গে একটি চিরকুটে লেখা হয়Ñ “আমি শুধু তোমাকে জানাতে চাই যে, আমি তোমার প্রতি উন্মত্ত আচরণ করিনি। তোমাকে ঘৃণাও করি না। ওই ঘটনার জন্য তোমার আত্মা যে কোনো স্বস্তি বা সহানুভূতি পাবে না সেজন্য আমি দু:খিত।”
কানাডা, পেরু ও ইসরায়েলের পতাকা দিয়ে সাজানো হয় যুক্তরাষ্ট্রে পড়তে এসে নৃশংস ওই ঘটনার শিকার হওয়া কয়েকজন ছাত্রের স্মৃতিফলক। পাশাপাশি স্মৃতিফলকগুলো সাজানো ছিলো নিহতদের ছবি, খেলনা ভল্লুক এবং নানা ধরনের শোকবাণী দিয়ে।
আধুনিক যুক্তরাষ্ট্রের অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের শিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের স্মরণে ভার্জিনিয়ার ব্লাক্সবার্জসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইতোমধ্যে প্রায় এক ডজন শেষকৃত্য এবং অন্যান্য অনুষ্ঠান হয়েছে।
চো-এরও স্মৃতিফলক থাকাটা চমৎকার বলে মন্তব্য করেছেন ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাত্র ক্রিস চাবালকো (২৯)। তিনি বলেন, ‘‘চো’ও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। সেও মারা গেছে। কাজেই এখন আর কারও কিছু করার নেই। আমাদের উচিত সবাইকে সমানভাবে স্মরণ করা।”
এদিকে, ২৩ বছর বয়সী ছেলে চো-এর অপরাধের জন্য শুক্রবার ক্ষমা চেয়েছে তার পরিবার। এক বিবৃতিতে তারা বলেছেন, “ সে বিশ্বকে কাঁদিয়েছে। আর আমরা বসবাস করছি এক ভয়ানক পরিবেশে।”
অন্যদিকে, নিঃসঙ্গ ও মানসিক বিকারগ্রস্ত চো কীভাবে অস্ত্র দুটি কিনতে পেরেছিলেন সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ওই অস্ত্র দুটি দিয়েই গত সোমবার হত্যাযজ্ঞ চালান চো।
