নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু
প্রধান নির্বাচন কার্যালয় উড়িয়ে দেওয়ার চেষ্টার ঘণ্টাখানেক পর নির্বাচন বানচালের সকল ভয়-ভীতি উপেক্ষা করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় শনিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরাঞ্চলীয় শহর কাটসিনায় নির্ধারিত সময়ের কিছুটা পরে স্থানীয় সময় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়।
তবে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নো’র রাজধানী মাইদুগুরি, পোর্ট হারকোর্ট এবং দেশটির বৃহত্তম শহর লাগোসের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও ব্যালট পেপার পৌঁছায়নি।
পুলিশ জানায়, নির্বাচন বানচালের জন্য ক্ষমতাসীন দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর কার্যালয়ে আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পর হামলাকারীরা আবুজায় প্রধান নির্বাচন কার্যালয়ে হামলা করে।
সফলভাবে আঞ্চলিক নির্বাচন সম্পন্ন হওয়ার এক সপ্তাহ পর হামলাকারীরা সহিংসতা ও প্রতারণার মাধ্যমে নাইজেরিয়ার নির্বাচন প্রক্রিয়ায় বিঘœ ঘটানোর চেষ্টা করে।
দেশের পুলিশ প্রধান সানডে এহিনদেরো বলেন, “অজ্ঞাত পদার্থ ভর্তি একটি ট্যাংকারের আঘাতে আবুজার মাতিয়ামায় স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি) কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। ট্যাংকারের পদার্থটি চিহ্নিত করার চেষ্টা চলছে।”
“ট্যাংকারের চালক ট্যাংকারটিকে কার্যালয়ের দিকে চালিয়ে দিয়ে ট্যাংকার থেকে লাফ দিয়ে নেমে যায়। তবে ট্যাংকারটি রক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই থেমে যায়।”
এহিনদেরো জানান, ভোর ৪টার দিকে ট্যাংকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। অজ্ঞাত পরিচয় হামলাকারীদের নির্বাচন বানচালের চেষ্টাকে তিনি ‘সর্বাত্মক চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “গতকাল তথাকথিত জঙ্গিরা বায়েলসা প্রদেশের গভর্নরকে অপহরণ এবং হত্যার চেষ্টা করে কারণ তারা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান নষ্ট করতে চাচ্ছিল।”
ওয়েল প্রদেশের গভর্নর গুডলাক জনাথন ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী।
গত সপ্তাহে প্রাদেশিক গভর্নর নির্বাচনের সময় সহিংসতায় ৫০ জন মারা যায়। বিরোধীদের দাবি হতাহতের সংখা আরও বেশি।
রাজনৈতিক কলামিস্ট পিনি জ্যাসন বলেন, “আমি আরও বেশি সহিংসতার আশা করেছিলাম।”
ভোট গ্রহণের আগে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেছে কারণ ধারণা করা হচ্ছে জঙ্গি হামলার ফলে সহিংসতার কারণে বিশ্বের অষ্টম তেল উৎপাদনকারী দেশটি তাদের তেলের সরবরাহ বন্ধ করে দিবে।
তবে প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজোর মুখপাত্ররা জানান, প্রেসিডেন্ট শনিবারের নির্বাচনকে ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।
ছয় কোটি ভোটারের জন্য ছাপানো ব্যালট পেপার দেশের ছড়িয়ে থাকা দেড় লাখ ভোট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছায়নি।
প্রেসিডেন্ট ওবাসানজোর প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকারকে উচ্চ আদালত সোমবার অযোগ্য ঘোষণা করায় ব্যালট পেপারে সংশোধন করতে হয়।
