জুনে পোল্যান্ড যাবেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুন মাসে পোল্যান্ড সফরে আসতে পারেন বলে ওয়ারশর একটি দৈনিক জানিয়েছে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে শনিবার জেকজপোসপলিতা জানায়, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন নিয়ে আলোচনা করতে বুশ সেখানে আসছেন।
সূত্র জানায়, প্রেসিডেন্ট লেক কাজিনস্কির কার্যালয়ের প্রধান এলজবিতা জাকুবিয়াক সম্প্রতি ওয়াশিংটন সফর করে বুশকে ওয়ারশ সফরের আমন্ত্রণ জানান।
তবে এ বিষয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। আগামী ৬-৮ জুন জার্মানিতে জি-এইটের বৈঠকে যোগ দেবেন বুশ। ওই সময় তিনি চেক প্রজাতন্ত্র ও রোম সফর করবেন বলে কথা রয়েছে।
ওয়াশিংটন ২০১২ সালের মধ্যে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ১০টি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী রকেট ও রাডার স্থাপনের পরিকল্পনা করছে। ইরানের মতো দেশগুলোর কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় শত শত কোটি ডলার ব্যয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপিত হচ্ছে।
পোলিশ সরকার দেশের নিরাপত্তা জোরদার করার উপায় হিসেবে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে মত দিয়েছে। তবে দেশটির জনগণ এ নিয়ে দ্বিধাবিভক্ত। সমালোচকরা বলছেন, এর ফলে পোল্যান্ড সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
আগামী ৩০ দিনের মধ্যে ওয়াশিংটন এ নিয়ে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে আলোচনা শুরু করবে বলে কূটনীতিবিদরা জানিয়েছেন।
সোভিয়েত আমলে তাদের নিয়ন্ত্রণাধীন দেশগুলোয় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির ক্ষোভ প্রশমনে সোমবার মস্কো সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
পশ্চিম ইউরোপের অনেক দেশ, বিশেষ করে জার্মানিতে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলেও বৃহস্পতিবার ন্যাটোর এক বৈঠকে মার্কিন মিত্র কোনো দেশ এ নিয়ে উচ্চবাচ্য করেনি বলে ন্যাটো কর্মকর্তারা জানান।
