ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে ভোট গ্রহণ শুরু
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডগুলোতে শনিবার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। মূল ভূখণ্ডে রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। মূলত ভোটারদের উৎসাহিত করতে আগেরদিন দেশটির নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডগুলোতে ভোট নেওয়া হয়।
শুক্রবার প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডানপন্থী নিকোলাস সারকোসি সমাজতন্ত্রী সিগোলেন রয়েলের চেয়ে এগিয়ে আছেন। নির্বাচনের প্রথম ধাপে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন না বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে শীর্ষ দুজনের মধ্যে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা হবে ৬ মে।
ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে প্রায় ১০ লাখ ভোটার রয়েছেন। এদের বাস আমেরিকা ও ফ্রেঞ্চ পলিনেশিয়া অঞ্চলে। উত্তর আমেরিকায় ফ্রান্সের দুটি দ্বীপ সেন্ট পিয়েরে ও মিকুয়েলোনে ভোটার আছেন পাঁচ হাজার।
এছাড়া ফ্রেঞ্চ গায়ানা, ক্যারিবীয় দ্বীপ মার্টিনিক ও গুয়াদালুপ এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ভোট গ্রহণ শুরু হবে মূল ভূখণ্ডের কয়েক ঘণ্টা আগে।
