কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে মিয়ানমার ও উ কোরিয়া
মিয়ানমারের সঙ্গে কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপনে উ কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এ সপ্তাহেই সেদেশে যাচ্ছেন। দেশটির কয়েকটি কূটনীতিক সূত্র শনিবার একথা জানান।
ইয়াঙ্গুনে এশিয়ার এক কূটনীতিবিদ জানান, ওই কর্মকর্তা বুধবার মিয়ানমারের নতুন রাজধানী নে পাই তাওয়ে এসে পৌঁছবেন। দুদেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপনে পরদিন একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিবিদ বলেন, “২৫ এপ্রিল উ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমারে আসার কথা রয়েছে এবং ২৬ এপ্রিল দুদেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুতির কাজ চলছে।”
তবে এ তথ্যের সমর্থনে মিয়ানমারের সেনা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশটির পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এ প্রশ্নের উত্তর সময়ই দেবে। অপেক্ষা করুন।”
উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের সঙ্গে সম্পর্কিত কয়েকজন সন্দেহভাজন ১৯৮৩ সালে ইয়াঙ্গুনে দক্ষিণ কোরিয়া সরকারের একটি প্রতিনিধি দলের ওপর বোমা হামলা চালানোর পর মিয়ানমার পিয়ংইয়ঙের সঙ্গে কূটনীতিক সম্পর্কচ্ছেদ করে।
ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ জন আহত হন। দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট চুন ডু হোয়ান ওই হামলার লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হয়।
