পাক-আফগান সীমান্তে গুলিবিনিময়, পাল্টাপাল্টি অভিযোগ
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শুক্রবার গুলিবিনিময় করেছে দুপক্ষের সেনারা। পাকিস্তান একথা জানিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী গুলিবিনময়ের ঘটনার জন্য আফগান সেনাদের দায়ী করেছে। বলেছে, আফগান সীমান্তে টহলরত সেনারা কোনো উস্কানি ছাড়াই পাক-সীমান্ত ফাঁড়িতে গুলি চালিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেছেন, আমাদের সেনাদের পাল্টা জবাবের মুখে তারা দৌড়ে পালিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাল্টা অভিযোগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, পাকিস্তানি সেনারা আগে আফগান সেনাদের ওপর গুলি চালালে দুপক্ষে গোলাগুলি শুরু হয়। আফগান সেনারা সীমান্তে পাকিস্তানের নির্মিত বেড়া ও ভূমিমাইন অপসারণে নিয়োজিত ছিলো।
কিন্তু পাক সেনাবাহিনীর মুখপাত্র ওয়াহিদ আরশাদ সীমান্তে কোনোরকম বেড়া দেওয়া কিংবা ভুমিমাইন পেতে রাখার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, সেখানে না কোনো বেড়া আছে, না কেউ তা ভাঙার চেষ্টা করেছে। পাকিস্তান সীমান্তে কেউ প্রবেশ করেনি।
উল্লেখ্য, এর আগে পাকিস্তান তালেবানদের প্রবেশ ঠেকাতে সীমান্তের কয়েকটি অংশে বেড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কাবুল এই বেড়াদান কর্মসূচির বিরোধীতা করে আসছে।
