২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের বাদশাহকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে জেরুজালেমে আমন্ত্রণ জানয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। আরব শান্তি প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আরব দেশ ও ইসরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত হিসেবে ওলমার্ট এ উদ্যোগ নিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2007, 05:53 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইসরায়েলের মারিভ পত্রিকা শুক্রবার জানিয়েছে, ওলমার্ট আবদুল্লাহকে টেলিফোনে জেরুজালেমে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। কয়েক সপ্তাহের মধ্যেই বাদশাহ আসবেন এবং ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলে পত্রিকাটি জানায়।

তবে আবদুল্লাহ কবে ইসরায়েল সফরে আসবেন তা নির্ধারিত হয়নি বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন। জর্ডান হলো হাতে গোণা কয়েকটি আরব দেশের একটি, ইসরায়েলের সঙ্গে যাদের পূর্ণ সম্পর্ক রয়েছে।

জর্ডানের রাজপ্রাসাদের একটি সূত্র রয়টার্সকে জানান, “আরব বিশ্বের উদ্যোগকে সফল করতে এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য করতে বাদশাহ যেকোনো ধরনের উদ্যোগে জড়াতে রাজি আছেন।”

ওলমার্টের কার্যালয় থেকেও জানানো হয়, জর্ডানের বাদশাহর সফর সম্পর্কে দেশটির পক্ষ থেকে সাড়া দেওয়ার কিংবা সফরসূচির বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

আরব শান্তি প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে রাজি করাতে আরব লীগ গত সপ্তাহে জর্ডানকে অনুরোধ জানায়। ওই প্রস্তাবে অধিকৃত আরব ভূমি ছেড়ে দেওয়া ও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিনিময়ে ইসরায়েলকে আরব বিশ্বের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আবদুল্লাহ বৃহস্পতিবার রাজধানী আম্মানে সফররত ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকার দালিয়া ইতজিকের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সাম্প্রতিক উদ্যোগ নিয়ে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা ও আরব নেতার মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক।

কয়েকদিন আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি আম্মানে তার প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করেন।