২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ’কে শর্ত দিয়ে উ কোরিয়ার চিঠি

পরমাণু স্থপনা পরিদর্শনের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উত্তর কোরিয়া। তবে তার আগে আইএইএ’কে ম্যাকাও ব্যাংকে উত্তর কোরিয়ার তহবিল মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আইএইএকে দেওয়া একটি চিঠিতে উত্তর কোরিয়া এ শর্ত দিয়েছে। বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

উত্তর কোরিয়া এর আগেও একইরকম বিবৃতি দিয়েছে। তবে ফেব্রুয়ারিতে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধের চুক্তি অনুযায়ী সময়সীমা শনিবার পেরোনোর পর উত্তর কোরিয়া এবার প্রথম চিঠি পাঠিয়ে আইএইএকে ওই শর্ত দিল। ম্যাকাও ব্যাংকের তহবিল মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তবেই তারা ওই চুল্লি বন্ধের বিষয়টিতে আগাতে চায়।

কেসিএনএ জানিয়েছে, আইএইএ’র প্রধান এল বারাদির কাছে উত্তর কোরিয়ার ‘জেনারেল ডিপার্টমেন্ট অব অ্যাটোমিক এনার্জির’ পরিচালকের লেখা চিঠিতে বলা হয়েছে, “ডিপিআরকে (উত্তর কোরিয়া) আইএইএ পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। ম্যাকাও ব্যাংকের তহবিল মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আইএইএ পর্যবেক্ষক দল পিয়ংইয়ংয়ে আসতে পারেন।”

উত্তর কোরিয়া ১৩ ফ্রেব্রুয়ারির চুক্তিতে সোভিয়েত যুগের ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলো। এই চুল্লিতে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপন্ন হয়। ফ্রেব্রুয়ারির চুক্তির আওতায় আইএইএ পর্যবেক্ষকদেরও পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেয়ার কথা ছিলো উত্তর কোরিয়ার।

চিঠিতে বলা হয়েছে “উত্তর কোরিয়া ওই চুক্তি মানতে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ম্যাকাও ব্যাংকের তহবিল মুক্ত হওয়া বিষয়টি এখনো পুরোপুরি সমাধা না হওয়ায় পিয়ংইয়ং এ ব্যাপারে আগাতে পারছে না।”

যুক্তরাষ্ট্র বলেছে, ম্যাকাও ব্যাংকের ‘ব্যাংকো ডেলটা এশিয়া’য় (বিডিএ) জব্দ থাকা উত্তর কোরিয়ার ২৫ মিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা হয়েছে। এই অর্থ উত্তর কোরিয়া এখন তুলে নিতে পারে।

কিন্তু কেসিএনএ বলছে, ডিপিআরকে ব্যাংক এবং বিডিএ’র মধ্যে বিষয়টি এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ওই তহবিল সত্য সত্যই মুক্ত হওয়ার বিষয়টি উত্তর কোরিয়া নিশ্চিত হওয়া মাত্র তারা আইএইএ পর্যবেক্ষকদের পিয়ংইয়ং-এ স্বাগত জানাতে প্রস্তুত।